আজকাল ওয়েবডেস্ক:‌ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি–২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মারা যান ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা। বাবার শেষকৃত্যে অংশ নিয়েই রিঙ্কু কলকাতায় দলের সঙ্গে যোগ দেন। ইডেন গার্ডেন্সে ম্যাচের আগের দিন রিঙ্কুর মানসিকতার প্রশংসা করেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
বাবার মৃত্যুশোক সামলে দেশের স্বার্থে দলে যোগ দেন রিঙ্কু। বাড়িতে একদিনের বেশি থাকেননি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগেও ভেন্টিলেশনে থাকা বাবাকে একদিনের জন্য দেখতে গিয়েছিলেন। সেবারও ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। জীবনের কঠিন সময়েও লক্ষ্যে অবিচল থেকে কোচের প্রশংসা পেয়েছেন রিঙ্কু।


ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগের দিন অনুশীলনের আগে টিম হার্ডলে গম্ভীর বলেন, ‘সবার আগে একটা কথা বলব। এমন পরিস্থিতিতে দলে ফিরে আসার জন্য কঠিন মানসিকতা প্রয়োজন। রিঙ্কু একটা কথা মনে রাখবে, এই সময় তুমি একা নও। গোটা দল তোমার সঙ্গে রয়েছে। এমনই শক্ত থাকার চেষ্টা কর।’


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের কাছে কার্যত কোয়ার্টার ফাইনাল। হারলেই টি–২০ বিশ্বকাপ থেকে ছিটকে যেতেন সূর্যকুমার যাদবরা। দলকে চাপমুক্ত থাকার পরামর্শও দেন গম্ভীর। ক্রিকেটারদের তিনি বলেছিলেন, ‘এমন ম্যাচে চাপ থাকবেই। একটা জিনিস পরিষ্কার করে দিতে হবে। আমরা চাপের জন্য পালিয়ে যাব না। চাপ নিয়েই খেলব। চাপের মোকাবিলা করব। কোনও সময় বেশি চাপ মনে হলেও ইতিবাচক থাকার চেষ্টা করব। ম্যাচটা আমরা উপভোগ করার চেষ্টা করব। তোমরা বিশ্বকাপ খেলার জন্যই ছোট থেকে ক্রিকেট খেলছ। ঘরের মাঠে এমন একটা নক আউট ম্যাচ খেলার সুযোগ পেয়েছো। চাপে কুঁকড়ে যেও না। নিজেদের উত্তেজিত রাখ। উত্তেজনা নিয়েই মাঠে নামবে।’


গম্ভীর আরও বলেছিলেন, ‘আগামী ৪০ ঘণ্টায় কখনও চাপ মনে হলেও ইতিবাচক থাকব আমরা। সাহসী থাকার চেষ্টা করব। সাহসের সঙ্গে চাপ সামলাতে হবে। তোমরা ম্যাচটা শুধু উপভোগ করার চেষ্টা কর। দেশের জন্য উপভোগ কর। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একে অন্যের পারফরম্যান্স উপভোগ কর।’ 


এদিকে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে গত বারের চ্যাম্পিয়ন ভারত। ইডেনের ম্যাচে রিঙ্কুকে অবশ্য খেলাননি গম্ভীর। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। খেলা হবে ওয়াংখেড়েতে।