আজকাল ওয়েবডেস্ক: ক্যামেরন গ্রিনকে নিয়ে যে মিনি নিলামে ঝড় উঠবে, তা জানাই ছিল। অস্ট্রেলিয়ান তারকাকে নিয়ে দড়ি টানাটানি চলছিল কেকেআর, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের। শেষমেশ গ্রিনকে তুলে নিল কলকাতা।
তাঁর দর যে আকাশ ছোঁবে এমনই ইঙ্গিত ছিল। গ্রিনকে নিয়ে ঝড় ওঠে নিলামের শুরুতে। কেকেআরের ঝুলিতে সব থেকে বেশি টাকা ছিল। তারা যে গ্রিনকে নেওযার জন্য ঝাঁপাবে তা জানাই ছিল। একটা সময় পর্যন্ত কেকেআর ও রাজস্থানের মধ্যে লড়াই চলছিল। তার পরে গ্রিনকে নেওয়ার দৌড়ে উৎসাহ দেখায় চেন্নাই সুপার কিংস।
কলকাতাকে লাগাতার চ্যালেঞ্জ ছুড়ে দেয় সিএসকে। দর বাড়তে থাকে গ্রিনের। তাঁকে দলে নেওয়ার জন্য মরিয়া কলকাতা, এটা বোঝাই যাচ্ছিল। শেষ পর্যন্ত চেন্নাইকে হারিয়ে গ্রিন গেলেন কলকাতায়। উল্লেখ্য কেকেআর ৬৪ কোটি নিয়ে নেমেছিল নিলামে। অন্যদিকে চেন্নাইয়ের কাছে ছিল প্রায় ৪৪ কোটি।
অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিনকে নিয়ে যে মিনি নিলামে ঝড় উঠবে, তা জানাই ছিল। নিলামের আগে থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হচ্ছিল গ্রিনের দাম ২৫ কোটি ছাড়াবে।
নিলামের শুরুতে সেটাই ঘটল। ক্যামেরন গ্রিনকে শেষমেশ ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর। গ্রিনকে নিয়ে দড়ি টানাটানিতে কলকাতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস।
পরে চেন্নাই সুপার কিংস আসরে নাম। এদিকে গ্রিনের দাম বাড়তে থাকে চড়চড় করে। শেষমেষ ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কলকাতার নব্য নাইট হলেন গ্রিন।
আইপিএলের ইতিহাসে ক্যামেরন গ্রিন সবথেকে দামি ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে। প্রথমে রয়েছেন ঋষভ পন্থ, তারপর শ্রেয়স আইয়ার। তারপরেই নাম উঠল গ্রিনের।
মিনি নিলামের আগে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছেড়ে দেয় কেকেআর। রাসেল ধ্বংসাত্মক ব্যাটসম্যান। অতীতে বহু হারা ম্যাচ তিনি জিতিয়েছেন মারমুখী ইনিংস খেলে।
কলকাতার লক্ষ্য ছিল রাসেলের বিকল্প একজনকে খুঁজে নেওয়া। যিনি বিধ্বংসী ব্যাটিং করতে পারবেন। সেই সঙ্গে বোলিংও করতে পারেন। গ্রিনের নাম ব্যাটসম্যান হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু পরে অজি তারকা জানান তিনি ব্যাটের পাশাপাশি বলও করতে পারেন।
ক্যামেরন গ্রিনের মতো তারকাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল রাজস্থান রয়্যালস। একটা সময় পর্যন্ত কলকাতার সঙ্গে নাগাড়ে গ্রিনের জন্য বিড করে যায়। কিন্তু প্রায় তেরো কোটি তাঁর দর ওঠার পরে রণে ভঙ্গ দেয় রাজস্থান।
লড়াইয়ে ঢোকে চেন্নাই সুপার কিংস। কারণ তাঁরাও গ্রিনের মতো একজন ক্রিকেটারকে খুঁজছিল, যিনি ব্যাটের পাশাপাশি বলও করতে পারেন। চেন্নাইয়ে এসেছেন সঞ্জু স্যামসন। আবার চেন্নাই ছেড়ে রাজস্থানে চলে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। ফলে চেন্নাইয়ের দরকার ছিল একজন তারকা অলরাউন্ডার।
কলকাতার সঙ্গে দড়ি টানাটানিতে শেষ পর্যন্ত থামে সিএসকে। নাইটরা ২৫.২০ কোটিতে নিয়ে নেয় গ্রিনকে।
