আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের ক্রিকেটে যতটা সফল। লাল বলের ক্রিকেটে ততটা নয় টিম ইন্ডিয়া। অন্তত গৌতম গম্ভীর জমানায়। কিন্তু কেন এমনটা হচ্ছে?
এটা ঘটনা, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছে। দেশের মাটিতে টি–২০ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন। কিন্তু টেস্টেই যত সমস্যা। ঘরের মাঠে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হতে হয়েছে। এর জন্য দলের ট্রানজিশনকেই দায়ী করছেন কোচ গৌতম গম্ভীর। এর অর্থ নাম না করে গম্ভীর সেই বিরাট ও রোহিতের ধাড়েই বন্দুক রাখলেন।
এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘লোকের উচিত নিজেদের কাজটা সঠিকভাবে করা। যে দলটা নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়েছিল সেই দলের থেকে দক্ষিণ আফ্রিকার কাছে হারা দল অনেক আলাদা ছিল। আপনারা দুটো একসঙ্গে মিলিয়ে দেখছেন। তাতে ঠিক আছে। আমাকে চাপে রাখাই অনেকের লক্ষ্য। তাতে আপত্তি নেই আমার।’ গম্ভীর বোঝাতে চাইছেন যে কিউয়ি সিরিজে বিরাট–রোহিতরা ছিলেন। কিন্তু প্রোটিয়া সিরিজে ছিলেন না।
গম্ভীর আরও যোগ করেছেন, ‘কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম একাদশ একরকম ছিল। আর প্রোটিয়াদের বিরুদ্ধে আরেকরকম ছিল। অভিজ্ঞতায় ছিল আকাশ–পাতাল তফাত।’ এর থেকেই স্পষ্ট যে গম্ভীর বোঝাতে চাইছেন, কিউয়িদের বিরুদ্ধে অভিজ্ঞ দল থাকা সত্ত্বেও হারতে হয়েছিল। আর তুলনায় অনভিজ্ঞ দল হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
অবশ্য দলের ব্যর্থতার দায় যে তাঁর একথা মানতে দ্বিধা নেই গম্ভীরের। তিনি বলেছেন, ‘সাপোর্ট স্টাফদের সমালোচনা করায় আপত্তির কিছু অন্তত আমি দেখি না। হারের দায় নিতেও আমার কোনও আপত্তি নেই। যে কোনো ফলাফলের দায়ই আমার। যদিও শেষে বলব এই দলটাই কিন্তু ইংল্যান্ড দারুণ করেছিল। সিরিজ ড্র করে ফিরেছিল।’
