আজকাল ওয়েবডেস্ক: ক্রীড়া মন্ত্রকের আবেদনে সাড়া দিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইওএ, কুস্তি ফেডারেশনের কাজকর্ম দেখভালের জন্য অ্যাড হক কমিটি গঠন করেছে। তার চেয়ারম্যান হয়েছেন ভুপিন্দর সিং বাজওয়া। সদস্য হিসাবে থাকছেন এম এম সোমাইয়া এবং মঞ্জুষা কঁওয়ার। খেলোয়াড় নির্বাচন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাঁদের নাম নথিভুক্ত করা সহ বিভিন্ন দায়িত্ব পালন করবে এই অ্যাড হক কমিটি। এক নির্দেশিকায় আইওএ জানিয়েছে, কুস্তি ফেডারেশনের সদ্য নির্বাচিত সভাপতি ও অন্যান্য কর্মকর্তা একতরফা সিদ্ধান্ত নিয়ে সংস্থার গঠনতন্ত্রের বিভিন্ন সংস্থান লঙ্ঘন করেছেন। নির্দিষ্ট প্রক্রিয়া না মেনে অ্যাড হক কমিটির নির্দেশ তাঁরা অমান্য করেছেন বলেও আইওএ-র নজরে এসেছে। এই ঘটনা শুধু ফেডারেশনের ভেতরের প্রশাসনিক ফাঁক নয়, প্রতিষ্ঠিত নিয়ম বিধি থেকেও সরে আসা বলে মনে করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।
IOA: কুস্তি ফেডারেশনের জন্য গঠিত হল অ্যাড হক কমিটি
















