আজকাল ওয়েবডেস্ক: মগড়ায় আইএফএ ফুটবল লিগে অশান্তি। অফসাইডে গোল বাতিল হতেই ফুটবলারদের হাতে বেদম মার খেয়ে ভূপতিত রেফারি। ছাড় পেলেন না সহকারি মহিলা রেফারিও। 

আইএফএ স্টেট ইউথ লিগ অনূর্ধ্ব ১৭ ফুটবল খেলা চলছিল মগড়ার নতুন গ্রাম সন্তান সংঘের মাঠে। খেলা ছিল ভবানীপুর ক্লাব বনাম হুগলি সিটি ক্লাবের মধ্যে। খেলা প্রায় শেষ লগ্নে ২-০ গোলে এগিয়ে ছিল ভবানীপুর ক্লাব। শেষে সিটি ক্লাব একটি গোল করে। সহকারী রেফারী অফসাইডের জন্য ফ্ল্যাগ তোলেন। রেফারি বাঁশি বাজাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সিটি ক্লাবের ফুটবলাররা। কেন গোল বাতিল বলেই চড়াও হয় রেফারির উপর!

সহকারী রেফারিকে তাড়া করে মারার চেষ্টা করে ফুটবলাররা। অনেক দৌড়েও শেষরক্ষা হয়নি। মারের চোটে মাঠে শুয়ে পরেন রেফারি। একজন মহিলা সহকারী রেফারিকেও মারধোর করা হয় বলে অভিযোগ।

মাঠে উপস্থিত আইএফএ র ফিজিও গিয়ে অসুস্থ রেফারিকে বুকে পাম্প করে সুস্থ করে তোলেন। আইএফএ কর্মকর্তা অনির্বান দত্ত ঘটনা জানতে পেরে মগড়া থানায় ফোন করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে  মাঠের অব্যবস্থা নিয়ে অভিযোগ তোলা হয়। আইএফএ-র লীগ খেলা হচ্ছে অথচ মাঠে পানীয় জলের ব্যবস্থা, ড্রেসিংরুম কিছুই নেই। খেলোয়ারদের কোচ স্টাফদের মাঠের পাশে গাছ তলায় বসতে দেওয়া হয়। অথচ এই সব খেলা থেকেই ভবিষ্যতের ফুটবলার উঠে আসার সম্ভাবনা থাকে।