আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান রয়্যালস শুধু মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল না, সেই সঙ্গে নিজেদের জয়ের ফলেই প্লে-অফের ছবিটাই পুরো বদলে দিল। এই ফলের ধাক্কায় শেষ ম্যাচে নামার আগেই কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল। 

অন্যদিকে পাঞ্জাব কিংসের আশাও শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিল রাজস্থান রয়্যালস।

রবিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচ কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু মাঠে নামার আগেই পরিস্থিতি বদলে যায়। দর্শকে ভরা ইডেন গার্ডেন্সে সমর্থকদের মধ্যে আশা থাকলেও রাজস্থানের ফলাফল সেই সমীকরণ এলোমেলো করে দেয়। এবারের শুরুটা কেকেআরের একেবারেই ভাল হয়নি। সপ্তম ম্যাচে গিয়ে তারা প্রথম জয় পায়। শেষ পর্যন্ত সেই ধীরগতির শুরুই তাদের প্লে-অফের দৌড় থেকে ছিটকে দেয়।

রবিবারের ম্যাচে টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে আগে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেটে তোলে ২০৫ রান। যদিও বৈভব সূর্যবংশী মাত্র ৪ রানে আউট হন, তবু যশস্বী জয়সওয়াল (২৭), ধ্রুব জুরেল (৩৮), দাসুন শানাকা (২৯) এবং জফরা আর্চারের দ্রুতগতির ৩২ রানের ইনিংস দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়।

রান তাড়া করতে নামা মুম্বইয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি। রোহিত শর্মা শূন্য রানে ফেরেন, রিকেলটন করেন মাত্র ১২ এবং নমন ধীরও (৬) ব্যর্থ হন। সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া লড়াই করার চেষ্টা করলেও, হার্দিক আউট হওয়ার পর ম্যাচের সমীকরণ এতটাই কঠিন হয়ে যায় যে মুম্বই ইন্ডিয়ান্স শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি। নিজেরাও হারল মুম্বই, সেই সঙ্গে কলকাতা ও পাঞ্জাবকেও ছিটকে দিল। ফলে কলকাতা ও দিল্লি ম্যাচ হয়ে গেল নিয়মরক্ষার। কারণ কলকাতা দিল্লিকে পরাস্ত করলেও ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে না। রাজস্থান ১৬ পয়েন্ট নিয়ে চলে গেল প্লে অফে।