আজকাল ওয়েবডেস্ক: শেষ ম্যাচ। সেই ম্যাচেও হার মানল কেকেআর। এবারের মতো আইপিএল অভিয়ান শেষ হল নাইটদের।

অবশ্য ইডেন গার্ডেন্সে দিল্লির বিরুদ্ধে নামার আগেই ভাগ্য পড়ে ফেলেছিলেন নাইটরা। দিল্লির বিরুদ্ধে ম্যাচের ফলাফল তাদের কোনওভাবেই প্লে অফে পৌঁছে দিতে পারত না। কারণ দুপুরের মুম্বই ও রাজস্থান ম্যাচে শেষ হাসি হাসে রাজস্থান রয়্যালস। আর সেই ম্যাচ জিতে রাজস্থান আগেই পৌঁছে গিয়েছে প্লে অফে।

ফলে ইডেনের দিল্লি বনাম কলকাতা ম্যাচের গুরুত্ব কিছু ছিল না। সেই ম্যাচেও কেকেআর হার মানল ৪০ রানে। টস জিতে কলকাতা প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠিয়েছিল। দিল্লি ২০ ওভারে করে ৫ উইকেটে ২০৩ রান। সর্বোচ্চ রান করেন লোকেশ রাহুল (৬০)। অক্ষর প্যাটেল (৩৯), ডেভিড মিলারদেরও (২৮) অবদান রয়েছে দিল্লিকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু দিল্লির রান তাড়া করতে নেমে কেকেআর থেমে যায় ১৬৩ রানে। একসময়ে অজিঙ্ক রাহানে কেকেআর-কে লড়াইয়ে রেখেছিলেন। কিন্তু রাহানে ৬৩ রানে ফিরে যেতেই পরের পর উইকেট হারায় কেকেআর। শেষমেশ ৪০ রানে হেরে যায় কলকাতা। 

ঘটনা হল, রাজস্থান রয়্যালস শুধু মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল না, সেই সঙ্গে নিজেদের জয়ের ফলেই প্লে-অফের ছবিটাই পুরো বদলে দিল। এই ফলের ধাক্কায় শেষ ম্যাচে নামার আগেই কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল। 

অন্যদিকে পাঞ্জাব কিংসের আশাও শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিল রাজস্থান রয়্যালস।