আজকাল ওয়েবডেস্ক:‌ জার্মানিতে অস্ত্রোপচার হল টিম ইন্ডিয়ার টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের। স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এখন ভাল আছেন বলে জানা গেছে।


ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন সূর্য। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘‌আমার পেটের নীচের ডান দিকে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। স্বস্তির খবর হল, সফল অস্ত্রোপচারের পর আমি সুস্থ হওয়ার পথে। ক্রিকেট মাঠে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’‌ জানা গেছে মিউনিখের একটি হাসপাতালে অস্ত্রোপচার করেন তিনি। অস্ত্রোপচারের পর বেডে শুয়েই ইনস্টাগ্রাম পোস্টও করেছেন। 


কিন্তু কবে মাঠে ফিরবেন সূর্য? সূত্রের খবর, আগস্টের দিকে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও টি–২০ দলের অধিনায়ক কবে মাঠে ফিরবেন, তা নিয়ে বিসিসিআই এখনও সরকারিভাবে কিছু জানায়নি। ২৬ আগস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হওয়ার কথা। সেই সিরিজের আগে সূর্যকুমার পুরোপুরি সেরে উঠতে পারবেন কিনা সংশয় রয়েছে। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর সেরে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লাগে। সেক্ষেত্রে বাংলাদেশ সফরে সূর্য যাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। 


তবে আগামী বছর টি২০ বিশ্বকাপে সূর্যই সম্ভবত দলকে নেতৃত্ব দেবেন। দেশের হয়ে ১২১ ম্যাচে সূর্য করেছেন ৩৩৭৯ রান। ৩৪ বছরের ক্রিকেটার আইপিএলেও ছিলেন দুরন্ত ছন্দে।