আজকাল ওয়েবডেস্ক: কিলিয়ান এমবাপে নেমেছেন। লিও মেসিরও জাদু দেখানো হয়ে গিয়েছে। এবার বিশ্বকাপ মঞ্চে আবির্ভাব ঘটবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সিআর সেভেন আজই নামছেন প্রথম ম্যাচে। এই বিশেষ মুহূর্তকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীরা ফুটতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে আলোড়ন। চলছে পর্তুগিজ মহানায়ককে নিয়ে চর্চা। রোনাল্ডো নামছেন সেই আবেগের ঢেউ ছড়িয়ে পড়েছে পৃথিবীর সব প্রান্তে। এই আবহেই আলোচনায় উঠে এসেছেন শতদ্রু দত্ত। 

তাঁর ফেসবুক পেজে পর্তুগিজ তারকা ও তাঁর একটি এআই নির্মিত ছবি পোস্ট করেছেন। সেই ছবিটির সঙ্গে তিনি যে বার্তা দিয়েছেন, তাতে শতদ্রু নিজের দীর্ঘদিনের স্বপ্নের কথা তুলে ধরেছেন। 

শতদ্রু পোস্টে লিখেছেন, ''এটি এআই-তৈরি ছবি , কিন্তু এই ছবিটি এমন একটি স্বপ্নের প্রতিফলন, যা আমি বহু বছর ধরে বুকে লালন করে এসেছি। 
আমি সবসময় বিশ্বাস করেছি—দৃঢ় ইচ্ছাশক্তি, অবিচল অধ্যবসায় এবং ম্যানিফেস্টেশনের শক্তি মিললে পাহাড়ও সরানো যায়।
জীবনের বড় একটা সময় আমি কিংবদন্তিদের ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার কাজে কাটিয়েছি। আর যখন আমার যাত্রার শেষ অধ্যায় শুরু হবে, তখন আমার অবসর জীবনের সবচেয়ে বড় প্রকল্প হবে এই মানুষটিকে নিয়ে। ব্যস, এটাই শেষ কথা। বেস্ট অফ লাক মাই আইডল।'' 

রোনাল্ডিনহো, এমি মার্টিনেজ, লিও মেসি-সহ লুইস সুয়ারেজ ও ডি পলকে কলকাতায় এনেছেন শতদ্রু। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে শহরে আনার স্বপ্ন বহুদিন ধরেই দেখেন তিনি। সেই স্বপ্নের পিছনেই ধাোয়া করে চলেছেন শতদ্রু। 

আজ রোনাল্ডোর দিকে গোটা বিশ্বের নজর। মহাতারকাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বন্দিত নায়ককে নিয়ে কাজ করার কথা জানিয়ে রাখলেন। কোনও একদিন শতদ্রুর হাত ধরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই শহরে পা রাখতেই পারেন।