আজকাল ওয়েবডেস্ক: ভারত খুব সহজেই হারাল নেদারল্যান্ডসকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা ভারতের দ্বিতীয় জয়। ৯৫ রানে নেদারল্যান্ডসকে হারিয়ে ‘উইমেন ইন ব্লু’ পয়েন্ট তালিকায় সবার উপরে। জয়ের ব্যবধান দেখে বোঝাই যাচ্ছে ভারতের প্রাধান্য কতটা ছিল। পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করেছিল ভারত। এদিন কমলা বাহিনীকে দাঁড়াতেই দিলেন না ভারতের মেয়েরা।
ব্যাটিংয়ে শুরুটা ছিল আগ্রাসী। ওপেনারদের ঝোড়ো ব্যাটিংয়ে ভারত রানের পাহাড় তৈরি করে। ২০ ওভারে ভারত করে ৯ উইকেটে ২০৯ রান। জবাবে রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস থামে ১১৪ রানে। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নেদারল্যান্ডস। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা ওপেনিং জুটিতে ১১৫ রান যোগ করেন। শেফালি ভার্মা ৩৮ বলে ৫৫ রান করেন। অন্যদিকে স্মৃতি মান্ধানার ব্যাট চলে। ৪৭ বলে ৭৪ রান করেন তিনি। জেমাইমা রডরিগেজ (১৯), ইয়াস্তিকা ভাটিয়া (৩), হরমনপ্রীত (১২) সেভাবে রান পাননি। দুই ওপেনারের জন্যই ভারত দুশোর গণ্ডি অতিক্রম করতে পারে।
কিন্তু এই রান তোলা নেদারল্যান্ডসের পক্ষে কঠিন, এ কথা বলাই বাহুল্য। প্রথম সারির চার ব্যাটার দুই অঙ্কের রান করেন। বাকিরা এলেন আর গেলেন। ভারতীয় বোলারদের মধ্যে শ্রীচরণী ১৯ রানে ৪টি উইকেট নেন। শেফালি ৩টি ও নন্দনি ২টি উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে ভাঙেন। ভারতীয় বোলারদের সামনে অসহায় লাগে নেদারল্যান্ডসের ব্যাটিংকে। ভারতের মহিলা দল ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। সমসংখ্যক ম্যাচ থেকে একই পয়েন্ট অস্ট্রেলিয়ারও। কিন্তু বিরাট ব্যবধানে জেতার ফলে ভারত রান রেটে অনেকটাই এগিয়ে। সেই কারণে অজিদের পিছনে ফেলে ভারত পয়েন্ট তালিকায় শীর্ষে।















