আজকাল ওয়েবডেস্ক: এক রাতেই ইতিহাস গড়লেন এমবাপে, হালান্ড ও মেসি। এবার নজর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। 

ফিফা বিশ্বকাপের এক স্মরণীয় রাতে ফুটবলের তিন মহাতারকা কিলিয়ান এমবাপে, আরলিং হালান্ড এবং লিওনেল মেসি নিজেদের নাম আরও একবার ইতিহাসের পাতায় লিখে রাখলেন। 

রেকর্ড ভাঙা, নতুন মাইলফলক ছোঁয়া এবং অসাধারণ পারফরম্যান্সে বুধবারের রাতটি বিশ্বকাপ ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে।

প্রথমে আলো ছড়ান ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি তিনি ফরাসি জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব অর্জন করেন। মাত্র ২৭ বছর বয়সেই ফরাসি ফুটবলের অন্যতম সেরা রেকর্ড নিজের করে নেন এমবাপে।

এরপর মঞ্চে আসেন নরওয়ের গোলমেশিন আরলিং হালান্ড। নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচেই ইরাকের বিরুদ্ধে দু'টি গোল করে বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত অভিষেক ঘটান তিনি। দীর্ঘদিনের অপেক্ষার পর বিশ্বকাপে নামতেই নিজের পরিচিত গোলস্কোরিং দক্ষতার প্রমাণ দিলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

তবে রাতের সবচেয়ে বড় আলোচনার জন্ম দেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সে, আর্জেন্টিনার হয়ে ২০০-তম ম্যাচে মাঠে নেমে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি। এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসের রেকর্ড স্পর্শ করেন আটবারের ব্যালন ডি’অর-জয়ী এই তারকা। প্রায় দুই দশক ধরে বিশ্বকাপ মাতানো মেসি যেন এখনও নতুন নতুন ইতিহাস লিখেই চলেছেন।

এক রাতে তিন তারকার সাত গোল, তিনটি জয় এবং একাধিক রেকর্ড, ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে? তবে নাটকের শেষ অধ্যায় এখনও বাকি।

এবার মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 
প্রায় দুই দশক ধরে মেসির সঙ্গে ফুটবল বিশ্বের শীর্ষস্থান ভাগ করে নেওয়া সিআর সেভেন এবার নামতে চলেছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে। পর্তুগালের অধিনায়ক ডিআর কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামলে নতুন ইতিহাস গড়ার সুযোগ পাবেন।

রোনাল্ডো যদি এই ম্যাচে গোল করেন, তবে তিনিই হবেন বিশ্বকাপের ছ'টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার। এর আগে পাঁচটি বিশ্বকাপ মিলিয়ে তাঁর গোলসংখ্যা আট।

তবে শেষ বিশ্বকাপটি সুখকর ছিল না রোনাল্ডোর জন্য। কাতার বিশ্বকাপে মাত্র একটি গোল করেছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে বদলি হিসেবে তুলে নেওয়া হয় তাঁকে, আর সুইজারল্যান্ডের বিরুদ্ধে নকআউট ম্যাচে শুরু থেকেই বেঞ্চে বসে থাকতে হয়েছিল। 

এছাড়া ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপেও কোনও গোল করতে পারেননি তিনি, যা তাঁর কেরিয়ারের বড় টুর্নামেন্টগুলোর মধ্যে বিরল ঘটনা।

এদিকে মেসি সম্প্রতি সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করার রেকর্ড নিজের নামে তুলে নিয়েছেন, যা আগে ছিল রোনাল্ডোর দখলে। ফলে ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা এবার সেই রেকর্ড ফিরিয়ে নেওয়ারও সুযোগ পাচ্ছেন।