আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার উদ্বোধন হল ইস্টবেঙ্গল ক্লাবের কৃত্রিম ঘাসের মাঠের। একইসঙ্গে ছিল সদ্য প্রয়াত ফুটবলার ইলিয়াস পাশার বেনিফিট ম্যাচ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন বাইচুং ভুটিয়া সহ একাধিক প্রাক্তন তারকা। 

ভারতের একমাত্র ক্লাব ইস্টবেঙ্গল, যেখানে প্রাকৃতিক এবং কৃত্রিম গ্রাউন্ড পাশাপাশি অবস্থিত। শুক্রবার ক্লাবের নবনির্মিত কৃত্রিম মাঠের উদ্বোধন করেন শহরের মেয়র ফিরহাদ হাকিম, আবাসন ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, প্রিন্সিপ্যাল সচিব রাজেশ কুমার সিনহা। এছাড়াও ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারী লাল লোহিয়া, সচিব রূপক সাহা, ফুটবল এবং ক্রিকেট সচিব যথাক্রমে সৈকত গাঙ্গুলি ও সঞ্জীব আচার্য্য, দেবব্রত সরকার সহ একাধিক কর্তা। এছাড়াও ছিলেন ক্লাবের বহু প্রাক্তন ফুটবলার এবং সদস্য-সমর্থক। আর্থিক সাহায্য করা হয় ইলিয়াস পাশার পরিবারকে। ১১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় তাঁর স্ত্রী সাঈদা বেগমের হাতে। ছিলেন তাঁদের কন্যা ফারিয়া আরজুমা খানসা এবং পুত্র জাবিউল্লা মহম্মদ। এদিন সন্ধেয় ইস্টবেঙ্গল মাঠে রকমারি আলোর রোশনাইয়ের মধ্যে দিয়েই আনুষ্ঠানিক উদ্বোধন হয় ক্লাবের নবনির্মিত কৃত্রিম গ্রাউন্ডের।

কয়েকদিন আগেই ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশার জীবনাবসান হয়েছে। চিকিৎসার অর্থ সংগ্রহে ইস্টবেঙ্গল ক্লাব এবং প্রাক্তন ফুটবলাররা তাঁর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিল। তবে তার আগেই তিনি প্রয়াত হন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ক্লাব এবং প্রাক্তন ফুটবলাররা মিলিতভাবে পাশার পরিবারের হাতে ১১ লক্ষ টাকা তুলে দেয়। ইস্টবেঙ্গল ক্লাবের এই উদ্যোগে আপ্লুত প্রয়াত ফুটবলারের স্ত্রী। এদিন পাশার স্মৃতিতে বেনিফিট ম্যাচ হয়। ইস্টবেঙ্গল অলস্টার এবং ইস্টবেঙ্গল লিজেন্ডদের মধ্যে খেলা হয়। চন্দন দাসের করা একমাত্র গোলে জেতে ইস্টবেঙ্গল লিজেন্ড। অন্য ম্যাচে টিম ইস্টবেঙ্গল ৫-০ গোলে হারায় টিম এফপিএআইকে I জোড়া গোল করেন বাইচুং ভুটিয়া। এছাড়াও গোল করেন সৌমিক দে, আলভিটো ডি'কুনহা এবং মহম্মদ রফিক। 

মাঠে উপস্থিত ছিলেন ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য এবং প্রশান্ত ব্যানার্জি। ম্যাচে অংশ নেন বিকাশ পাঁজি, তুষার রক্ষিত, শিশির ঘোষ, বাইচুং ভুটিয়া, আলভিটো ডি'কুনহা, রহিম নবি, সৌমিক দে, দুলাল বিশ্বাস, মেহতাব হোসেন, অর্ণব মন্ডল, সন্দীপ নন্দী, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, দীপক মন্ডল, মেহরাজউদ্দিন, হোসে ব্যারেটো, অসীম বিশ্বাস, সুলে মুসা, চন্দন দাস, ফাল্গুনী দত্ত এবং সূর্যশেখর।‌