আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ধোঁয়াশা অব্যাহত। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য এখনও অনিশ্চিত। কিন্তু প্রশ্ন হল, ভারত ম্যাচ বয়কট করেও কি গ্রুপ পর্বের গণ্ডি পার করতে পারবে পাকিস্তান? ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। যা গোটা বিশ্বকে চমকে দেয়। বিশ্বকাপের প্রস্তুতিতে লাহোরে অস্ট্রেলিয়াকে ৩-০ তে সিরিজ হারায় পাকিস্তান। তারপরই ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয় সরকার। ভারতের বিরুদ্ধে না খেললেও, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তানকে। ২০২৪ বিশ্বকাপে টেক্সাসে রুদ্ধশ্বাস সুপার ওভারে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান দলের ছ'জন প্লেয়ার সেই দলে ছিল। এই তালিকায় রয়েছেন বাবর আজম, ফকর জমান, উসমান খান, নাসিম শাহ, শাদাব খান এবং শাহিন‌ শাহ আফ্রিদি। 

শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর নজির রয়েছে নেদারল্যান্ডেরও। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে হারায় ডাচরা। পাকিস্তান শেষপর্যন্ত ভারত ম্যাচ বয়কট করলে, গ্রুপের বাকি ম্যাচগুলো জিততেই হবে। শ্রীলঙ্কায় নিজেদের সব ম্যাচ খেলবে সলমন আলি আঘারা।‌ সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতবছর পাকিস্তানের দায়িত্ব নেন মাইক হেসন। বাকি দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে টি-২০ তে আগ্রাসী ক্রিকেট এনেছেন কিউয়ি কোচ। শেষ দুই সিরিজে দ্রুত রান তোলার চেষ্টা করেন সলমন আঘা। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনে নেমে সফল হন পাক অধিনায়ক। 

বাবর আজমের খারাপ স্ট্রাইক রেটের জন্য বিশ্বকাপের প্রস্তুতিতে অধিকাংশ ম্যাচে বাদ পড়েন। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজে তাঁকে দলে ফেরানো হয়। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে ১১ ম্যাচে ২০২ রান করেন। কিন্তু মন্থর উইকেটে বাবরের অভিজ্ঞতা তাঁকে দলে জায়গা দেয়। বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ওপেন করতে দেখা যাবে সাইম আইয়ুব এবং সাহিবজাদা ফারহানকে। কোনও পরীক্ষার পথে হাঁটা হবে না। চারে নামতে পারেন বাবর। নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। শ্রীলঙ্কার পিচ স্পিনারদের সাহায্য করবে। তাই ১৫ জনের দলে একাধিক স্লো বোলার রাখা হয়েছে। তবে বরাবরই পাকিস্তান দলের ধারাবাহিকতার অভাব থাকে। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে। আগের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। এবার ঘুরে দাঁড়ানোর পালা। বর্তমানে ভারত ম্যাচ বয়কট নিয়ে অস্থিরতা চলছে। এর কি কোনও প্রভাব পড়বে পাকিস্তানের ক্রিকেটারদের ওপর?