আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান বাতিল করে দিয়েছে আইসিসি।
উল্লেখ্য, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ানোর কথা। কিন্তু পাক মুলুকে গিয়ে খেলতে রাজি নয় ভারত। আইসিসি-কে বিসিসিআই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে তারা দল পাঠাবে না।
এই জটিলতার জন্য আইসিসি বিশেষ একটি ইভেন্টই বাতিল করে দিল। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে ১১ নভেম্বর লাহোরে একটি অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে সেই অনুষ্ঠানটাই বাতিল করা হয়েছে। লাহোরের অনুষ্ঠান কেন বাতিল করা হল, সেব্যাপারে বিশদে কিছু জানায়নি আইসিসি।
এদিকে ভারত পাকিস্তানের মাটিতে দল না পাঠিয়ে নিরপেক্ষ ভেন্যুর আবেদন করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি কি হাইব্রিড মডেল অনুযায়ী হবে? সেই প্রশ্নও ঘোরাফেরা করছে। এশিয়া কাপে হাইব্রিড মডেল অনুসরণ করা হয়েছিল। ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কী হবে, তা এখনও পরিষ্কার নয়।
এদিকে পাক মুলুকে গিয়ে খেলতে রাজি নয়, এই বার্তা বিসিসিআই আইসিসি-কে দেওয়ায় ক্ষুব্ধ পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ''গত কয়েক বছরে পাকিস্তান একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি সেটা আমাদের থেকে সবসময় আশা করা হবে না।''
















