আজকাল ওয়েবডেস্ক: কালাজাদু! বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করতে না পেরে নাইজেরিয়া কোচ দায়ী করে ফেললেন কালাজাদুকে!
এটা ঘটনা, আফ্রিকার ফুটবল ইতিহাসে কালাজাদুর গল্প নতুন কিছু নয়। ক্লাব ফুটবলকে কেন্দ্র করেও ‘ভুডু’ করার অভিযোগ প্রায়ই ওঠে। এমনকী বিপক্ষ দল সেই চেষ্টা করলে মাঠেই হাতাহাতির ঘটনাও আছে। বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বেও সেই অভিযোগ আনলেন নাইজেরিয়ার কোচ। এরিক চেলের বক্তব্য, ‘ডিআর কঙ্গোর কোচ ভুডু করেছে। প্রতিবার, প্রতিবার ওরা এগুলো করে। আমি সেই জন্যই একটু চিন্তায় ছিলাম। এমনিতেও ম্যাচটা কঠিন ছিল।’
কীভাবে ‘ভুডু’ করেছে ডিআর কঙ্গো? সেটাও নাকি দেখেছেন চেলে। তিনি জানান, টাইব্রেকারের সময় ডিআর কঙ্গো দলের কোচ হাত নাড়িয়ে কিছু একটা ছিটিয়ে দিচ্ছিলেন। চেলের বিশ্বাস, সেটা জল জাতীয় কিছু একটা হবে। বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বে আন্তর্মহাদেশীয় পর্যায়ের ফাইনালে দুই দলের ম্যাচ শেষ হয় ১–১ গোলে ড্র দিয়ে। কিন্তু পেনাল্টি শুট আউটে ৩–৪ ব্যবধানে হারেন ওসিমেনরা। ডিআর কঙ্গোর থেকে ১৯ ধাপ এগিয়ে থাকা নাইজেরিয়াকে ফেভারিট ধরা হলেও তারা বিশ্বকাপের টিকিট পেল না।
নাইজেরিয়ার কোচের অভিযোগ, ‘কালাজাদু’ করেছেন কঙ্গোর ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। তিনি বলেন, ‘ওরা কালাজাদু করছিল। বার বার করছিল। আমি বুঝতে পারছিলাম। তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। বার বার অভিযোগ করেছি। তা–ও ওদের আটকাতে পারিনি।’
টাইব্রেকারের সময় এরিককে দেখা যাচ্ছিল, বার বার কঙ্গোর বেঞ্চের দিকে তেড়ে যাচ্ছিলেন। কিছু একটা বলছিলেন। চতুর্থ রেফারি তাঁকে আটকান। শেষ পর্যন্ত নাইজেরিয়া হারার পর আর মেজাজ ধরে রাখতে পারেননি এরিক। সরাসরি কঙ্গোর বিরুদ্ধে অভিযোগ করেছেন। ক্রীড়াবিদদের নানা রকমের সংস্কার থাকে। আফ্রিকার ফুটবলারদের মধ্যে সেটা একটু বেশিই থাকে। সেই সংস্কারের বশবর্তী হয়েই এরিক এই অভিযোগ করেছেন বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
২০২২ এর পর ২০২৬ বিশ্বকাপেও যোগ্যতাঅর্জন করতে পারল না নাইজেরিয়া। কঙ্গো জিতলেও তারাও যেতে পারেনি বিশ্বকাপে।
