আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রবল গরমে নাজেহাল ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের অধিনায়ক হ্যালে ম্যাথিউজ। রোদের তেজে ক্র্য়াম্প হয় তাঁর। স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে হয় তাঁকে। তার পরে মাঠে ফিরে সেঞ্চুরি হাঁকান ম্যাথিউজ। 

মহিলাদের বিশ্বকাপের যোগ্যতা পর্বের খেলায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। ম্যাথিউজ একাই 
লড়েন ক্যারিবিয়ানদের হয়ে। চার-চারটি উইকেট নেন তিনি। স্কটল্যান্ডকে ২৪৪ রানে আটকে রাখেন তিনি। পরে ব্যাট হাতে ১১৪ রানে করেন তিনি। তবুও ম্যাচটা জিততে পারেনি ক্যারিবিয়ান মহিলারা। ১১ রানে ম্যাচ হারে তাঁরা। পুরোদস্তুর পঞ্চাশ ওভারও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 

স্কটল্যান্ডের রান তাড়া করার সময়ে ৪২ ওভারে ক্যারিবিয়ানদের রান ছিল ৮ উইকেটে ২০৩ রান। জেতার জন্য ৫১ বলে ৪২ রান দরকার ছিল। ম্যাথিউজ সেই সময়ে ১০০ বলে ৯৯ রানে ব্যাট করছিলেন। মাঠেই তাঁর চিকিৎসা করা হয়। তার পরে ডিহাইড্রেটেড ম্যাথিউজকে স্ট্রেচার করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। 

পরের ওভারেই টেলএন্ডার করিশ্মা ফিরে যান। ম্যাথিউজ স্থির করেন তিনি ফের ব্যাট হাতে নামবেন। নেমেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে কেউই তো প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। ১১৩ বলে ১১৪ রানে অপরাজিত থেকে যান ম্যাথিউজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁকে দেখতে হল ম্যাচ  হারছে ওয়েস্ট ইন্ডিজ।