আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে যথেষ্ট চাপে ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকসের হ্যামস্ট্রিংয়ে চোটের জায়গায় স্ক্যান হবে আগামী সপ্তাহে। গত মাসে হান্ড্রেড টুর্নামেন্টে খেলার সময় চোটটা পেয়েছিলেন স্টোকস। সিঙ্গলস নেওয়ার সময় পড়ে গিয়েছিলেন তিনি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর তিনি মাঠের বাইরে চলে যান। ক্র‌্যাচ নিয়ে তিনি ড্রেসিংরুমে বসেছিলেন। সেই দৃশ্যও ধরা পড়েছিল টিভি ক্যামেরায়।


চোটের জন্য শ্রীলঙ্কা সিরিজেও তিনি খেলতে পারেননি। আগামী সপ্তাহে স্ক্যান করে দেখা হবে চোটের পরিস্থিতি কেমন রয়েছে ইংরেজ অধিনায়কের। চোট থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ১৭ জনের দলে রাখা হয়েছে স্টোকসকে। খেলতে পারলে তিনিও থাকবেন অধিনায়ক। আর যদি চোটের জন্য তিনি পাক সিরিজ থেকেও সরে যান, সেক্ষেত্রে অধিনায়ক হবেন অলি পোপ। প্রসঙ্গত, পাকিস্তান–ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হবে ৭ অক্টোবর।


আপাতত একটি একটি করে টেস্ট নিয়ে ভাবছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টে স্টোকস খেলতে না পারলে তখন পরবর্তী সিদ্ধান্ত। 


তিন টেস্টের কোনটি কোথায় খেলা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে বাছা হয়েছে করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতানকে। তবে স্টেডিয়ামে কিছু সমস্যার জন্য করাচি থেকে অন্যত্র খেলা সরে যেতে পারে।