আজকাল ওয়েবডেস্ক:‌ সফল অস্ত্রোপচার হল ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। ডান চোখের পাশে অস্ত্রোপচার করাতে হয়েছে স্টোকসকে। গত সপ্তাহে অনুশীলন করতে গিয়ে ডান চোখের একদম নীচে বল লেগেছিল তাঁর। গুরুতর আহত হয়েছিলেন তিনি। তখনই বোঝা যাচ্ছিল, অস্ত্রোপচার ছাড়া গতি নেই। সেটাই হল।


অস্ত্রোপচারের পর নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন স্টোকস। সেখানে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি। ডান চোখ বন্ধ। চোখের নীচে সেলাই পড়েছে। ক্যাপশনে স্টোকস লেখেন, ‘‌দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অস্ত্রোপচার সফল হয়েছে।’‌ 


গত সপ্তাহে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন বেন স্টোকস। সেখানে দেখা গিয়েছিল, তাঁর চোখে কালশিটে পড়েছে। নাক ভেঙেছে। গাল ও ঠোঁট ফেটেছে। নাকে একটি তুলো গোঁজা রয়েছে স্টোকসের। আঘাত পেলেও তা নিয়ে মজা করেন স্টোকস। ছবিতে তাঁর হাতের ইশারা দেখে বোঝা যাচ্ছিল, যন্ত্রণা সামলে নিয়েছেন। ক্যাপশনে স্টোকস লিখেছিলেন, ‘‌অনুশীলন করতে গিয়ে এই হাল। আপনাদের ক্রিকেট বলটার অবস্থা দেখা উচিত ছিল।’‌ একটি হাসির ইমোজিও দেন তিনি। 


জানা গিয়েছে, অনুশীলনে ব্যাট বা বল করতে গিয়ে চোট পাননি স্টোকস। তিনি নেটের পাশে দাঁড়িয়েছিলেন। তখনই একটি বল তাঁর মুখে লাগে। তাতে আহত হন তিনি। অবশেষে অস্ত্রোপচার করাতে হল ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ককে।


এখন অবশ্য ইংল্যান্ডের হয়ে খেলা নেই স্টোকসের। তিনি বর্তমানে জাতীয় দলের হয়ে শুধু টেস্ট খেলেন। সাদা বলের ফরম্যাট খেলেন না। জুন মাসে আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার কথা স্টোকসের। 


যদিও গত দু’মাস সময়টা ভাল যায়নি স্টোকসের। অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১–৪ হেরেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের খেলার সমালোচনা হয়েছে দেশের অন্দরেই। সিরিজের মাঝে সমুদ্রসৈকতে গিয়ে স্টোকসদের মদ্যপানের খবর নিয়ে বিতর্কও হয়েছে। 


সমালোচনা হয়েছে স্টোকসের অধিনায়কত্ব নিয়েও। যা পরিস্থিতি ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের খেলার সম্ভাবনা প্রায় নেই। পর পর চার বার ব্যর্থ ইংল্যান্ড। এর দায় নিতে হচ্ছে স্টোকসকে।