আজকাল ওয়েবডেস্ক: ডার্বিতে চার গোলে জয়। সিনিয়র দলকে হারাতে না পারলেও মোহনবাগানের জুনিয়রদের ৪-০ গোলে হারাল ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেড। গোল করেন গুনরাজ সিং গ্রেওয়াল, দীপু সর্দার, আলফ্রেড লালরিনপুইয়া এবং দেবজিত রায়। আজ সকালে মোহনবাগান মাঠে অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগে মুখোমুখি হয় কলকাতার দুই প্রধান। কিন্তু ঘরের মাঠে খেলার ফায়দা তুলতে পারেনি সবুজ মেরুন। শুক্রবার আইএসএলে দাদারা নর্থ ইস্ট ইউনাইটেডকে উড়িয়ে দিলেও, পরের দিনই মুখ থুবড়ে পড়ল ভাইরা।

এদিন প্রথম থেকেই ব্যাকফুটে বাগান। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিরতির পর সমতা ফেরানো দূর অস্ত, দাঁড়াতেই পারেনি মোহনবাগান। জঘন্য রক্ষণ। তিন গোল হজম করে সবুজ মেরুন। সকালে খেলা হলেও মাঠে বেশ কিছু দর্শক ছিল। প্রিয় ক্লাবের পতাকা নিয়ে হাজির ছিল সমর্থকরা। কিন্তু হতাশ হয়েই মাঠ ছাড়তে হল বাগান ভক্তদের। আজ রাতে আইএসএলে মুম্বই এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। তার আগে জুনিয়রদের ডার্বি জয়ে কিছুটা আনন্দের রসদ পেল লাল হলুদ সমর্থকরা।