আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ডার–গাভাসকার ট্রফিতে অনিশ্চিত অস্ট্রেলিয়ার বোলিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাঁর পিঠে চোট রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে চোটটা পেয়েছিলেন গ্রিন। সূত্রের খবর, ইতিমধ্যেই গ্রিন দেখা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে। রিহ্যাব না অস্ত্রোপচার করাবেন তা নিয়ে আলোচনা হয়েছে বোর্ড কর্তাদের সঙ্গে।
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিছুদিনের মধ্যেই গ্রিন ঠিক করবে কী করা উচিত। অতীতে এরকম চোট জেমস প্যাটিনসন, জেসন বেহেরনডর্ফরা পেয়েছিলেন। ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আর অস্ত্রোপচার করা হলে গ্রিন অন্তত এক মাস মাঠের বাইরে থাকবেন।


প্রসঙ্গত, ২২ নভেম্বর শুরু হবে বর্ডার–গাভাসকার ট্রফি। এবার হবে পাঁচ টেস্টের সিরিজ। প্রথম টেস্ট হবে পার্থে। ২০২০ সালে টেস্ট অভিষেক হয়েছিল গ্রিনের। নিউজিল্যান্ডের বিপক্ষে। এখনও অবধি গ্রিন খেলেছেন ২৮ টেস্ট। প্রথম ম্যাচেই ১৭৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন গ্রিন। আর উইকেট নিয়েছেন ৩৫। 


গ্রিন যদি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে ছয় নম্বরে অন্য ব্যাটারকে নিতে হবে অস্ট্রেলিয়াকে। সেক্ষেত্রে বোলিংয়ে বাড়তি দায়িত্ব নিতে হবে মিচেল মার্শকে। আর ছয় নম্বরে অস্ট্রেলিয়ার পছন্দ হতে পারে মার্কাস হ্যারিস, ক্যামেরুন ব্যাংক্রফ্ট, ম্যাট রেনশ বা নিক ম্যাডিনসন।