আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের কাছে পাকিস্তানের হারের পর শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেটে। প্রাক্তনীরা শাহিন আফ্রিদিদের তুলোধোনা করছে। বাদ গেলেন না শহিদ আফ্রিদিও। জামাইকে ধুয়ে দিলেন শ্বশুর। বাংলাদেশের কাছে হারের জন্য পাকিস্তানের নির্বাচক কমিটিকে দায়ী করলেন প্রাক্তন পাক অধিনায়ক। তিন ম্যাচের সিরিজ ২-১ এ হারে পাকিস্তান। শাহিনকে নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন শহিদ। টি-২০ বিশ্বকাপে বিভীষিকার পর বাবর আজমকে দল থেকে সরিয়ে দেওয়া নিয়ে সরব হন আফ্রিদি। একটি ভাইরাল হওয়া ভিডিওতে পাকিস্তানের ভরাডুবির জন্য সরাসরি পিসিবির নির্বাচকদের দায়ী করেন। 

আফ্রিদি বলেন, 'সবাই ২০২৬ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স দেখেছে। এরপর বাংলাদেশের কাছে ২-১ এ সিরিজ হার। আমার মতে নির্বাচক কমিটির দায় স্বীকার করা উচিত। ওদের সমালোচনা করা উচিত। কমিটির সবাই ক্রিকেট খেলেছে। এরপরও কারোর ধারণা নেই কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত। ভুল সংশোধনের নামে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সবাইকে নেওয়া হচ্ছে যারা সেইভাবে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেনি। ঘরোয়া ক্রিকেটের মান উন্নত নয়। সেখান থেকে প্লেয়ার উঠে আসার তেমন কোনও সম্ভাবনা নেই। যারা পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলতে পারবে।' 

সিনিয়র প্লেয়ারদের যথাযথ সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন আফ্রিদি। দাবি, নির্বাচকদের দীর্ঘমেয়াদী কোনও পরিকল্পনা নেই। আফ্রিদি বলেন, 'সিনিয়র প্লেয়ারদের বাদ দেওয়া ঠিক হয়নি। টি-২০ তে ভাল না খেলা সত্ত্বেও। কিন্তু একদিনের ক্রিকেটে ওদের রেকর্ড ভাল। একদিনের ক্রিকেটে ভাল পারফরমেন্স থাকা সত্ত্বেও সংশোধনের নামে ওদের বাদ দেওয়া হয়েছে। তার বদলে তরুণ ক্রিকেটারদের নেওয়া হয়েছে, যারা মাত্র কয়েকটা ঘরোয়া এবং প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছে। ঘরোয়া ক্রিকেটের মান উন্নত নয়। ওখান থেকে সরাসরি পাকিস্তান দলে আসার উপযুক্ত নয়। ওদের বারবার জাতীয় দলের টুপি দেওয়া হচ্ছে। এটাকে ভুল সংশোধন বা অস্ত্রোপচার বলা চলে না। নির্বাচনী কমিটির ওপর সেটা চালানো উচিত।' পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।