আজকাল ওয়েবডেস্ক:‌ চোট ছিটকে দিল বেন স্টোকসকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে খেলতে পারবেন না ইংরেজ অধিনায়ক। গত রবিবার নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে দ্য হান্ড্রেড খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান স্টোকস। জানা গেছে, প্রায় দু’‌মাস মাঠে নামতে পারবেন না স্টোকস। মঙ্গলবার তাঁর চোটের স্ক্যান করানো হয়েছে। তাঁর মাঠে ফিরতে কত দিন সময় লাগতে পারে, তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে সহ–অধিনায়ক অলি পোপ জানিয়েছেন, তিনটি টেস্টেই খেলতে পারবেন না স্টোকস। এদিকে, ওপেনার জ্যাক ক্রলিও ভাঙা আঙুলের জন্য শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারবেন না। ফলে মাঠে নামার আগেই বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেল ইংল্যান্ড দল। ছবিতে দেখা গেছে, সতীর্থদের কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়ছেন স্টোকস। 



প্রসঙ্গত, ২১ আগস্ট ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। এদিকে, এই সিরিজের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তনী ইয়ান বেল। ১৬ আগস্ট থেকে তিনি শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ শুরু করবেন। এদিকে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে খবর, আগামী অক্টোবরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে ফিরতে পারেন স্টোকস। দু’দলের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ৭ অক্টোবর থেকে মুলতানে।