আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড লক্ষ্মীলাভ। বিশ্বকাপের বছরে মালামাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আগেই বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের তকমা পেয়েছিল বিসিসিআই। বর্তমানে আর্থিক আয়ের নিরিখে বাকি বোর্ডগুলোকে ছাপিয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের মোট আয় ২.২৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৮,৭৬০ কোটি। একটি আন্তর্জাতিক ক্রিকেট সাইটের রিপোর্ট অনুযায়ী, বোর্ডের মোট সম্পত্তির পরিমাণ এটা। বরাবরই বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের মধ্যে ধরা হয় বিসিসিআইকে। তবে এবার বিশ্বকাপের বাজারে দ্বিগুণ লক্ষ্মীলাভ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁদের মোট আয় ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬০০ কোটি। অর্থাৎ অস্ট্রেলিয়ার থেকে ২০ গুণেরও বেশি আয় বিসিসিআইয়ের। এবছর বিশ্বকাপ থাকায় অবশ্যই আয় বেড়েছে। তবে মূল আয়ের সূত্র আইপিএল। সেখান থেকেই বিপুল অর্থ কামায় বোর্ড। গত বছর থেকে শুরু হয়েছে মেয়েদের আইপিএল। প্রথম বছরই সেটা সাফল্য পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাঁদের আয়ের পরিমাণ প্রায় ৫০০ কোটি। সবচেয়ে কম আয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। মাত্র ৭৫ কোটি আয় কিউয়ি ক্রিকেট বোর্ডের। অর্থাৎ বিশ্বের বাকি ক্রিকেট বোর্ডগুলো তো অবশ্যই, দ্বিতীয় স্থানে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়াকেও দশ গোল দিল বিসিসিআই।