আজকাল ওয়েবেডেস্ক: ঐতিহাসিক হার! ইতিহাসে প্রথম। কোনওদিন যা স্বপ্নেও ভাবেনি আইরিশরা। বাস্তবে তাই ঘটল। জোড়া বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়াকে হারাল আয়ারল্যান্ড। তাও আবার নাস্তানাবুদ করে। বিপক্ষের অনামী বোলারদের উইকেট ছুঁড়ে দিলেন সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়াররা? এই হারকে শিক্ষা হিসেবে নিতে চাইছেন ভারতের নতুন টি-২০ অধিনায়ক। এর জন্য আত্মতুষ্টিতেও আংশিক দায়ী করেন। একইসঙ্গে জানান, প্রতিপক্ষ চাপে থাকলে, সেই পরিস্থিতি কাজে লাগাতে হবে। শ্রেয়স বলেন, 'আমার মনে হয়, কোনও কিছুই হালকাভাবে নেওয়া যাবে না। নেমেই ম্যাচ জেতা যায় না। তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। আমি আগে যেমন বলেছিলাম, বর্তমানে থাকতে হবে। বিপক্ষকে কুপোকাত করার সুযোগ পেলে, তখনই শেষ করে দিতে হবে। কোনও পরিস্থিতি হালকাভাবে নেওয়া যাবে না। তবে অধিনায়ক হিসেবে শুরুটা দারুণ হল।'
বল হাতে শুরুটা ভাল করেছিল ভারত। কিন্তু মাঝে এবং শেষের দিকে অতিরিক্ত রান দিয়ে ফেলে। তারই খেসারত দিতে হল। শ্রেয়স বলেন, 'আমার মনে হয়, শুরুতে বোলাররা ভাল বল করছিল। পিচ থেকে সাহায্য পায়। উইকেটও তুলে নেয়। এর ফলে আমাদের শুরুটা দারুণ হয়। কিন্তু মাঝে খেই হারিয়ে ফেলি। ওরাও ভাল ব্যাট করেছে। আমরা যেভাবে শুরু করেছিলাম, ১৪০ রান হওয়া উচিত ছিল। তবে আমাদের অভিজ্ঞতা হল। আমরা এমন পরিবেশ এবং পরিস্থিতিতে খেলার সুযোগ পেলাম। উইকেট সম্বন্ধে একটা ধারণা হল।'
৩৬ রানে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নেওয়ার পর, দ্রুত ইনিংস শেষ করার জন্য ঝাঁপানো উচিত ছিল ভারতের। সেখানে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলতে দেয়। প্রসিদ্ধ কৃষ্ণ এক ওভারে ২৭ রান দেন। এটাই পার্থক্য গড়ে দেয়। বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে দীর্ঘ বিরতিই কি কাল হল? মেনে নেন শ্রেয়স। তবে দ্রুত এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দেন। শ্রেয়স বলেন, 'অবশ্যই এটা একটা ফ্যাক্টর। তবে যা হয়েছে আমরা ভুলে যেতে চাইব। এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। তবে এই হার ঝেড়ে ফেলে পরের ম্যাচে অল আউট ঝাঁপাতে হবে।' হারলেও হর্ষিত রানা এবং শিবম দুবের প্রশংসা করেন। দুই ম্যাচের সিরিজে ০-১ এ পিছিয়ে ভারত। রবিবার জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া শ্রেয়স।















