আজকাল ওয়েবডেস্ক: ব্যাক টু ব্যাক জোড়া জয়। পাকিস্তানকে ধুলিস্যাৎ করল ভারত। লন্ডনে এফআইএইচ হলি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৭-১ গোল উড়িয়ে দিল হরমনপ্রীতরা। দলগত পারফরমেন্সে জয়। তারমধ্যেও বাড়তি নজর কাড়েন হার্দিক সিং। ম্যাচের সেরাও তিনি। শুক্রবার লন্ডনের লি ভ্যালি হকি এবং টেনিস সেন্টারে পাকিস্তানকে বিরাট ব্যবধানে হারিয়ে টেবিলে স্পেনের ওপরে উঠে এল ভারত। সাতজন সাত গোল করে। মনদীপ সিংয়ের জন্মদিন স্মরণীয় হয়ে থাকল। অ্যাসিস্টে নামও তোলেন। এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে নামবে। 

একটিও ম্যাচ না জেতা পাকিস্তান শুরুতে ভারতকে চমকে দেয়। ১৩ মিনিটে এগিয়ে যায় পাকিস্তান। প্রথম কোয়ার্টারের শেষে ড্র্যাগ ফ্লিক থেকে গোল করেন আবু বাকর মাহমুদ। ভারত তিনটে পেনাল্টি কর্নার মিস করার পর, নিজেদের প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তান। কিন্তু বেশিক্ষণ গোল অক্ষত রাখতে পারেনি। দ্রুত ম্যাচে ফেরেন হরমনপ্রীতরা। ম্যাচের ২০ মিনিটে সমতা ফেরায় ভারত। হরমনপ্রীতের পেনাল্টি কর্নার থেকে গোল করেন সুখজিৎ। জাতীয় দলের হয়ে তাঁর ৪১তম গোল। তার ৫ মিনিটের মধ্যে এগিয়ে দেন হরমনপ্রীত। কেরিয়ারের ২২০তম গোল করেন। আবার কিছুক্ষণের মধ্যে ৩-১ করেন হার্দিক। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন। 

প্রথম গোলের পর থেকে লকগেট খুলে যায়। তিন নম্বর গোলের দু'মিনিটের মধ্যে আবার গোল। এবার দিলপ্রীতের পাস থেকে ভারতকে ৪-১ এ এগিয়ে দেন যুগরাজ। আর দাঁড়াতেই পারেনি পাকিস্তান। একপ্রকার উড়ে যায়। ম্যাচের ৪১ মিনিটে ভারতের পঞ্চম গোল। সুখজিতের পাস থেকে ৫-১ করেন অভিষেক। এরপর হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিক থেকে গোল করেন রাজকুমার। ম্যাচের ৫৫ মিনিটে সপ্তম গোল। মনদীপের পাস থেকে স্কোর শিটে নাম তোলেন দিলপ্রীত। 

লন্ডনে হকি প্রো লিগে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সেই চেনা উত্তেজনা। গত মঙ্গলবারের ম্যাচ প্রত্যাশা ছাপিয়ে যায়। সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে শেষপর্যন্ত ৪-৩ গোলে জেতে ভারত। শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করেন হরমনপ্রীতরা। ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আহমেদ নাদিম। তবে দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় ভারত। অভিষেক নেইন সমতা ফেরান। বাকিটা ইতিহাস।