আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই কিলিয়ান এমবাপে-আলিং হালান্ডের ফেস অফ দেখার জন্য রাত জাগার প্রস্তুতি নিচ্ছিল ফুটবলপ্রেমীরা। তারমধ্যেই এল হতাশ হওয়ার মতো খবর। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে দুই মহাতারকা মুখোমুখি হয়নি। এই প্রথম হওয়ার কথা ছিল। তাই ফ্রান্সের সঙ্গে নরওয়ের ম্যাচকে কেন্দ্র করে পারদ চড়তে শুরু করেছিল অনেক আগে থেকেই। কিন্তু এদিন শুরুতেই এই লড়াই দেখার সুযোগ পাবে না ভক্তরা। নরওয়ের একটি সিদ্ধান্ত পার্থক্য গড়ে দিল।

গ্রুপের এই ম্যাচ দুই দলের জন্য শুধুই নিয়মরক্ষার। তাই দশজন প্লেয়ারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন নরওয়ে কোচ স্টেল সোলবাকেন। সেই তালিকায় রয়েছেন হালান্ডও। নেই অধিনায়ক মার্টিন ওডেগার্ডও। অন্যদিকে ফ্রান্স দলে কোনও বড়সড় পরিবর্তন নেই। অন্তত তারকা ফুটবলারদের ক্ষেত্রে। খেলবেন এমবাপে, ডেম্বেলে, অলিসেরা। তবে মাঝমাঠ এবং রক্ষণে কিছু বদল রয়েছে। 

এদিন ফ্রান্সের দায়িত্বে থাকবেন না দিদিয়ের দেশঁ। তাঁর অনুপস্থিতিতে নরওয়ে ম্যাচে এমবাপেদের দায়িত্বে থাকবেন সহকারী কোচ গাই স্টিফান। হেড কোচের জন্য জিততে মরিয়া থাকবেন এমবাপেরা। তাঁকে জয় উৎসর্গ করার লক্ষেই নামবে ফ্রান্স। প্রসঙ্গত, বিশ্বকাপ চলাকালীন পরিবারে ভয়াবহ দুঃসংবাদ পান ফ্রান্সের হেড কোচ। মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে যান দিদিয়ের দেশঁ। তিনি আবার কবে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরবেন, সেই বিষয়ে এখনও কিছু জানায়নি ফরাসি ফেডারেশন। ফ্রান্সের কোচ হিসেবে এটাই তাঁর শেষ টুর্নামেন্ট। বছরের শুরুতে দিদিয়ের জানান, বিশ্বকাপের পর ফ্রান্সের কোচের দায়িত্ব ছেড়ে দেবেন। ফ্রান্সের জাতীয় দলের সঙ্গে ১৪ বছরের গাঁটছড়া ভাঙবে। আন্তর্জাতিক ফুটবলে অন্যতম সফল কোচ। তাঁর কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠে। কোচের পাশাপাশি ফুটবলার হিসেবেও বিশ্বকাপ জিতেছেন দেশঁ।