আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপ শুরুর মুখে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। এমনিতেই পাকিস্তানের কাছে টি–২০ সিরিজে হারতে হয়েছে। তার উপর প্যাট কামিন্স বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এবার জানা গেল, অজি পেসার জস হ্যাজলেউডও বিশ্বকাপের শুরুর দিকে খেলতে পারবেন না।
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি ডোডেমেইড সোমবার নিশ্চিত করেছেন, পেসার জশ হ্যাজলেউডকে বিশ্বকাপের শুরুতে পাওয়া যাবে না। তিনি সিডনিতেই রয়েছেন। দলের সঙ্গে পাকিস্তান যননি। পাকিস্তান সিরিজ শেষে শ্রীলঙ্কা যাবে অস্ট্রেলিয়া। সেখানে ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। গ্রুপের বাকি তিন ম্যাচে ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধেও শ্রীলঙ্কাতেই খেলবে তারা। সেখানেও দলের সঙ্গে যাবেন না হ্যাজলেউড।
টনি বলেছেন, ‘আমাদের মনে হয়েছে, দলের সঙ্গে যাওয়ার বদলে যদি হ্যাজলেউড অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে থাকে তাহলে ও আরও দ্রুত সুস্থ হয়ে উঠবে। কারণ, এখানকার পরিবেশ ওর পরিচিত। হ্যাজলেউডকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছি না। সম্পূর্ণ সুস্থ হলে তবেই ওকে খেলানো হবে।’ তবে এটা ঘটনা, হ্যাজলেউড বিশ্বকাপের নক আউটেও খেলতে পারবেন কি না, তার নিশ্চয়তা নেই।
এটা ঘটনা, দীর্ঘদিন ধরে চোটে ভুগছেন হ্যাজলেউড। চোটের জন্য গোটা অ্যাশেজ সিরিজেই খেলতে পারেননি তিনি। এখনও পুরো সুস্থ হতে পারেননি তিনি। চোটের কারণে অ্যাশেজে মাত্র একটি টেস্ট খেলেছিলেন কামিন্স। বিশ্বকাপের কথা ভেবে তাঁকে বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। তার পরেও বিশ্বকাপে খেলা হবে না কামিন্সের। এখন দেখার, হ্যাজলেউড শেষ পর্যন্ত খেলতে পারেন কি না। এদিকে, হ্যাজলেউডকে নিয়ে সংশয়ের মাঝে শন অ্যাবটকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাঠানো হচ্ছে। রিজার্ভ হিসাবে। হ্যাজলেউড ছিটকে গেলে তিনিই হয়ত দলে ঢুকবেন।
এদিকে অজিদের জন্য স্বস্তির খবর ন্যাথান এলিস, টিম ডেভিড ও গ্লেন ম্যাক্সওয়েল কলম্বো পৌঁছেছেন। তাঁরা পাকিস্তান সিরিজে ছিলেন না। তবে বিশ্বকাপ খেলতে তিন ক্রিকেটার তৈরি। টনি বলেছেন, ‘ন্যাথান, ডেভিড ও ম্যাক্সওয়েল শ্রীলঙ্কা চলে গিয়েছে। ওখানে দলের বাকিদের সঙ্গে যোগ দেবে ওরা।’
