আজকাল ওয়েবডেস্ক: শরীরটাকে ফিট রাখতে দরকার শরীরচর্চার। সুস্থভাবে বাঁচার জন্য নিয়মিত ব্যায়ামের কোনও বিকল্প নেই। ওজন কমাতে হলে নিয়মিত শরীরচর্চা করার দরকার। যার জন্য কেউ জিমে গিয়ে ঘাম ঝরান, কেউ বা বাড়িতেই শরীরচর্চায় বেশি আগ্রহী। কিন্তু অনেক সময়ে দিনরাত ব্যায়াম করেও ওজনের কাঁটা নিচের দিকে নামতেই চায় না। বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে ব্যায়াম না করার কারণে মেলে না সুফল৷ তাই কোন সময়ে ঘাম ঝরাচ্ছেন তা অত্যন্ত জরুরি।
অনেকেরই ধারণা রয়েছে, সকালে ব্যায়াম করলে বেশি উপকার পাওয়া যায়। তাছাড়া সকালে ঘুম থেকে উঠেই ব্যায়ামটা সেরে ফেলতে পারলে সারা দিন আর ভাবনা থাকে না৷ বিশেষ করে ঘুমের পর সকালে সকলেই তরতাজা থাকেন, ফলে অনেকক্ষণ শরীরচর্চা করলেও ক্লান্তি আসে না। কাজ করার ইচ্ছা বাড়ে। ভাল হয় হজম ক্ষমতাও।
অনেকে ব্যস্ততার জন্য সারা দিন সময় করে উঠতে না পারলে রাতে ব্যায়াম করেন। সেক্ষেত্রে একেবারে শরীরচর্চা না করার চেয়ে যে কোনও একটা সময়ে করা ভাল। তবে রাতে ব্যায়াম করলে ঘুমের সমস্যা হতে পারে৷ বিশেষ করে ভারী ব্যায়ামের ক্ষেত্রে ৷ রাতের দিকে যোগা করতে পারেন। এতে মানসিক চাপ কমবে। আবার দুপুরবেলা বা বেশি গরমে ব্যায়াম করলে সহজেই ক্লান্ত মনে হতে পারে। তাই এ সময়ে ব্যায়াম না করাই ভাল।
সাধারণত খাওয়ার আধঘণ্টা, এক ঘণ্টা বা ঘণ্টা দেড়েক বাদে ব্যায়াম করার চল সাধারণত রয়েছে। কিন্তু দেশ-বিদেশের গবেষণা বলছে, খালিপেটে ব্যায়ামেই মেলে অনেকটা উপকার। বেশি চর্বি ঝরে, ক্যালোরি খরচ হয় প্রায় ২০ শতাংশ বেশি। কাজেই বেশি চর্বি ও ওজন ঝড়ানোর ইচ্ছে হলে রাতে তাড়াতাড়ি খেয়ে, সকালে খালিপেটে ব্যায়াম করতে পারেন।
