আজকাল ওয়েবডেস্ক: ওজন কমানো মানে, খাওয়াদাওয়া বন্ধ করে দেওয়া নয়। বরং মেদ ঝরাতে এমন খাবার বেশি করে খাওয়া উচিত, যেগুলি শরীরকে একদিকে যেমন যথেষ্ট পুষ্টি দেয়, তেমনই অতিরিক্ত ক্যালোরির সমস্যা হয় না। সেক্ষেত্রে ডিনারে ভাত- রুটির বদলে খান পালং মাশরুম স্যুপ। রইল রেসিপি-

উপকরণ: ২৫০ গ্রাম পালং শাক, ১ কাপ মাঝারি মাশরুম, ২ চামচ মাখন, ১ চামচ ময়দা, ১ চামচ রসুন কুচনো, ১ কাপ কুচনো স্প্রিং অনিয়ন, ১কাপ দুধ, ১ কাপ জল, স্বাদ মতো নুন

কীভাবে বানাবেন সবার প্রথমে সব উপকরণ সাজিয়ে নিতে হবে আলাদা বাটিতে। এরপর ফ্রায়িং প্যানে এক টেবিল চামচ মাখন দিয়ে, রসুনকুচি দিয়ে দু'মিনিট নাড়তে হবে। এরপর দিতে হবে স্প্রিং অনিয়ন। আরও দু মিনিট নেড়ে নিয়ে যোগ করতে হবে ময়দা আর মাশরুম টুকরো। ২ মিনিট নেড়ে নিয়ে দিতে হবে পালং শাক কুচনো। আরও মিনিট পাঁচেক নেড়ে দুধ আর জল দিয়ে দিন। স্বাদমতো নুন ও ইচ্ছে হলে পিৎজা সিজনিং দিতে পারেন। মিশ্রণটি ৫ মিনিটের জন্য ঢেকে দিন কড়া আঁচে। এই সময় হাফ চামচ মাখন দিয়ে কয়েক টুকরো মাশরুম স্লাইস ভেজে নিন আলাদা পাত্রে। ব্লেন্ডারে মিশ্রণটি ব্লেন্ড করে ছেঁকে নিয়ে আরও মিনিট পাঁচ ফুটিয়ে ভাজা মাশরুম দিয়ে স্যুপটা পরিবেশন করতে হবে। পরিবেশনের আগে একটু ভাজা মাশরুম, মাখন এবং পিৎজা সিজনিং ছড়িয়ে দিন।