হুট করে দেখে মনে হবে যেন ভেড়া। কিন্তু ভাল করে লক্ষ্য করে দেখলেই চমকে উঠতে হয়। আরে এ তো মানুষ! বর্ডার পার করার জন্য এমন অদ্ভুত পন্থা কোথায় নেওয়া হল?
এদিন একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে তিন ব্যক্তি একটি গাড়িতে বসে রয়েছেন। তাঁদের সারা গায়ে তুলো লাগানো। হাতে, পায়ে কালো পোশাক বা রং। মুখেও আলকাতরা মাখা। মাথায় কালো কাপড় দিয়ে ফেট্টি বাঁধা। রয়েছে আবার কালো কাপড়ে মোড়া লম্বা কান। একেবারে নিখুঁত সাজ। এই রূপে তাঁরা বর্ডার ক্রস করার চেষ্টা করছিলেন।
জানা গিয়েছে অ্যালজেরিয়া থেকে স্পেনে প্রবেশ করার সময়ই ধরা পড়েন এই তিন ব্যক্তি। একটি ভেড়ার পালের মধ্যে আত্মগোপন করে ছিলেন। কিন্তু বর্ডার চেকপোস্টে ধরা পড়ে যান তাঁরা। আপাতত কেসটি নিয়ে তদন্ত চলছে।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর এক দিকে যেমন ব্যাপক মজা পেয়েছেন কিছু মানুষ, তেমনই অন্যদিকে চর্চা শুরু হয়েছে বেআইনি ভাবে দেশ পারাপার নিয়ে। এক ব্যক্তি লেখেন, 'এমন সাজল যে ধরাই পড়ে গেল!' কেউ আবার লেখেন, 'ঠিকই সেজেছে। ভালই মানিয়েছে।' কারও আবার মত, 'কত কিছুই না দেখতে হবে বেঁচে থাকতে গেলে।' অন্য এক নেটনাগরিক লেখেন, 'কী ভাগ্যিস কড়া নিরাপত্তা ছিল, তাই ধরা পড়ল। নইলে তো চলেই যেত এমন ভেক ধরে।'
প্রসঙ্গত, বেআইনি ভাবে বা ডাঙ্কি পদ্ধতিতে এক দেশ থেকে অন্য এক দেশে যাওয়া নিয়ে ইতিমধ্যেই সিনেমা তৈরি হয়েছে। শাহরুখ খান, তাপসী পান্নু অভিনীত সেই ছবিতে বেআইনি ভাবে কীভাবে দেশান্তরী হয় মানুষ সেটার খানিকটা আভাস দেওয়া হয়। তবে এমন বাস্তব ঘটনা দেখে চক্ষু চড়কগাছ সকলের।















