সকালে বাড়ি থেকে বেরনোর সময় ত্বক থাকে ফ্রেশ, চুলও থাকে ঠিকঠাক। কিন্তু অফিসে কয়েক ঘণ্টা কাটাতেই হঠাৎ মনে হয় ত্বক শুকিয়ে গিয়েছে, চুল তেলতেলে দেখাচ্ছে, মুখও ক্লান্ত লাগছে। এই অভিজ্ঞতা এখন অনেকেরই। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে 'অফিস এয়ার থিওরি'।

এই থিওরি বলছে, অফিসের ভেতরের বাতাস বা পরিবেশ নাকি আমাদের ত্বক ও চুলের উপর খারাপ প্রভাব ফেলে। ফলে দিনের মাঝামাঝি সময়েই লুক অনেকটাই বদলে যায়। কিন্তু এটা কি সত্যি? বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি কল্পনা নয়, এর পেছনে কিছু বাস্তব কারণ আছে।

প্রথমত বেশিরভাগ অফিসেই সারাদিন এয়ার কন্ডিশন (এসি) চলে। এই ঠান্ডা বাতাস ঘরের আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে ত্বক থেকে জল দ্রুত শুকিয়ে যায় এবং ত্বক রুক্ষ বা শুষ্ক হয়ে পড়ে।

ত্বক যখন খুব শুকিয়ে যায়, তখন শরীর নিজে থেকেই বেশি তেল তৈরি করতে শুরু করে। এই কারণে অনেক সময় মুখ ও চুল তেলতেলে হয়ে যায়। তাই একইসঙ্গে ত্বক শুকনো আর চুল তৈলাক্ত লাগতে পারে।

তৃতীয়ত, অফিসের বদ্ধ পরিবেশও একটি বড় কারণ। অনেক সময় সেখানে সতেজ বাতাস কম ঢোকে। এতে ধুলো, দূষণ বা অ্যালার্জি তৈরি করা কণা জমে থাকতে পারে, যা ত্বক ও চোখে প্রভাব ফেলে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা। এতে চোখে চাপ পড়ে, মুখ ক্লান্ত দেখায় এবং নিজের লুকও আগের মতো ফ্রেশ লাগে না।

তবে বিশেষজ্ঞদের মতে, 'অফিস এয়ার থিওরি' কোনও প্রমাণিত বৈজ্ঞানিক তত্ত্ব নয়। বরং এটি কাজের পরিবেশ, স্ট্রেস, ক্লান্তি এবং দৈনন্দিন অভ্যাসের মিলিত প্রভাব।

এই সমস্যা কমাতে কিছু সহজ উপায় মেনে চলা যায়। যেমন দিনে বারবার জল খাওয়া, ভাল ময়েশ্চারাইজার ব্যবহার করা, মাঝে মাঝে বাইরে গিয়ে ফ্রেশ এয়ার নেওয়া এবং কাজের ফাঁকে একটু বিরতি নেওয়া।

সবমিলিয়ে, অফিসে বসে থাকার ফলে ত্বক ও চুলে পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। তবে একটু যত্ন নিলেই সারাদিন ফ্রেশ থাকা সম্ভব।