বাড়ি শুধু থাকার জায়গা নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে স্বস্তির আস্তানাও। সারাদিনের কাজের শেষে আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে মন শান্ত হবে এবং ক্লান্তি দূর হবে। তাই শুধু দামি আসবাব দিয়ে ঘর সাজালেই হবে না, ঘরের সাজ যেন আপনার ব্যক্তিত্ব, পছন্দ এবং জীবনযাত্রার সঙ্গে মানানসই হয়, সেদিকেও নজর দেওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, হাতে তৈরি বা হ্যান্ডক্রাফটেড সাজসজ্জার জিনিস ঘরকে শুধু সুন্দরই করে না, মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। কীভাবে ঘরের সাজ ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে, জেনে নিন-
অনেকেই ঘর সাজাতে নিজের পছন্দের রং, ছবি, গাছ, বই বা স্মৃতিবিজড়িত জিনিস ব্যবহার করেন। এগুলোই আসলে বলে দেয় আপনি কেমন মানুষ। কারও ঘর খুব গোছানো, কারও আবার রঙিন ও প্রাণবন্ত। এই ছোট ছোট বিষয়গুলোই আপনার রুচি ও ব্যক্তিত্বের পরিচয় বহন করে।
কেন বিশেষ হাতের তৈরি জিনিস? কারখানায় তৈরি একই ধরনের জিনিস হাজার হাজার পাওয়া যায়। কিন্তু হাতে তৈরি প্রতিটি জিনিসই আলাদা। একটি মাটির ফুলদানি, কাঠের শোপিস, বাঁশ বা বেতের ঝুড়ি, নকশিকাঁথা, হ্যান্ডলুমের কুশন কভার কিংবা হাতে আঁকা ওয়াল আর্ট-প্রতিটি জিনিসে শিল্পীর পরিশ্রম ও সৃজনশীলতার ছাপ থাকে। তাই এগুলো ঘরে এক অন্যরকম উষ্ণতা এবং আপন অনুভূতি এনে দেয়।
বিশেষজ্ঞদের মতে, আমরা যে পরিবেশে থাকি, তা আমাদের মনের ওপর সরাসরি প্রভাব ফেলে। যদি ঘরের সাজসজ্জা আপনার পছন্দের হয়, তাহলে মন অনেক বেশি ভাল থাকে। কাজের চাপ, উদ্বেগ বা ক্লান্তি নিয়েও বাড়ি ফিরলে এমন পরিবেশ দ্রুত মানসিক স্বস্তি এনে দিতে পারে। তাই ঘর সাজানো শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি মানসিক সুস্থতার সঙ্গেও জড়িত।
হাতে তৈরি কাঠ, মাটি, বাঁশ, বেত বা কাপড়ের জিনিস ঘরে রাখলে প্রকৃতির অনুভূতি পাওয়া যায়। এর সঙ্গে যদি কয়েকটি ইন্ডোর গাছ রাখা যায়, তাহলে ঘর আরও সতেজ ও প্রাণবন্ত দেখায়। এমন পরিবেশে সময় কাটালে মনও অনেকটা হালকা লাগে।
হ্যান্ডক্রাফটেড জিনিস কিনলে শুধু নিজের ঘরই সুন্দর হয় না, স্থানীয় শিল্পী ও কারিগরদেরও আয় হয়। তাঁদের কাজের মূল্যায়ন হয় এবং দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পও টিকে থাকে। তাই এই ধরনের পণ্য কেনা এক অর্থে স্থানীয় শিল্পের পাশে থাকারও একটি উপায়।
ঘর সুন্দর করতে অনেক টাকা খরচ করার প্রয়োজন নেই। একটি সুন্দর মাটির টব, হাতে তৈরি ল্যাম্প, কাঠের ছোট শোপিস, হ্যান্ডমেড ওয়াল হ্যাঙ্গিং বা বোনা টেবিল রানার দিয়েও ঘরের চেহারা বদলে যেতে পারে। এমন জিনিস বেছে নিন, যা আপনার পছন্দের এবং যার সঙ্গে আপনার কোনো স্মৃতি বা আবেগ জড়িয়ে আছে।
বিশেষজ্ঞদের মতে, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও ব্যক্তিত্বের ছাপ থাকা ঘর শুধু অতিথিদেরই মুগ্ধ করে না, আপনাকেও প্রতিদিন ভাল থাকার এনার্জি দেয়। তাই ঘর সাজানোর সময় ট্রেন্ডের পিছনে না ছুটে নিজের পছন্দ ও আরামের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিন।















