দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষও ভিটামিনের অভাবে বড় রোগে আক্রান্ত হতে পারেন। তাই শরীরে পর্যাপ্ত ভিটামিন থাকা জরুরি। অন্যান্য ভিটামিনের মধ্যে ভিটামিন ডি অন্যতম গুরুত্বপূর্ণ। শরীরে ক্যালসিয়াম শোষণ থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, পেশিকে শক্তিশালী রাখা, এমনকী মানসিক স্বাস্থ্যের সঙ্গেও এই ভিটামিনের গভীর সম্পর্ক রয়েছে।
ভিটামিন ডি-র অভাবের লক্ষণগুলি প্রথম দিকে খুব একটা স্পষ্ট হয় না। তাই অনেকেই সাধারণ ক্লান্তি বা ব্যথা বলে বিষয়টি এড়িয়ে যান। কিন্তু দীর্ঘদিন এই ঘাটতি চলতে থাকলে শরীরে একের পর এক সমস্যা দেখা দিতে পারে।
ভিটামিন ডি-র ঘাটতি হলে সারাক্ষণ ক্লান্ত লাগতে পারে। পর্যাপ্ত ঘুমের পরেও শরীরে এনার্জি না থাকা, অল্প কাজেই হাঁপিয়ে যাওয়া বা দুর্বল লাগা এর অন্যতম লক্ষণ।
হাড়, কোমর, হাঁটু বা পিঠে বারবার ব্যথা হলে সেটিও ভিটামিন ডি-র অভাবের ইঙ্গিত হতে পারে। কারণ এই ভিটামিনের সাহায্যেই শরীর ক্যালসিয়াম ঠিকভাবে ব্যবহার করতে পারে। এর অভাবে হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
অনেকের পেশিতে ব্যথা, টান ধরা বা দুর্বলতাও দেখা যায়। সিঁড়ি ভাঙতে কষ্ট হওয়া বা দীর্ঘক্ষণ হাঁটতে অসুবিধা হলেও চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।
ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তাই ঘন ঘন সর্দি-কাশি, জ্বর বা ছোটখাটো সংক্রমণ হলে শরীরে এই ভিটামিনের ঘাটতি রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা দরকার।
এছাড়া ক্ষত শুকাতে দেরি হওয়া, চুল পড়া বেড়ে যাওয়া এবং মন খারাপ, উদ্বেগ বা বিষণ্নতার মতো সমস্যার সঙ্গেও ভিটামিন ডি-র ঘাটতির সম্পর্ক থাকতে পারে। তবে এই লক্ষণগুলি অন্য কারণেও হতে পারে। তাই শুধু উপসর্গ দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
ভিটামিন ডি-র ঘাটতি আছে কিনা, তা জানতে রক্ত পরীক্ষা করা হয়। চিকিৎসক প্রয়োজন মনে করলে সেই পরীক্ষার পর সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেন। নিজের ইচ্ছায় ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া উচিত নয়। অতিরিক্ত ভিটামিন ডি শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে।
এই ঘাটতি এড়াতে প্রতিদিন কিছু সময় সকালের রোদে থাকার চেষ্টা করুন। পাশাপাশি ডিমের কুসুম, তেলযুক্ত সামুদ্রিক মাছ, মাশরুম, দুধ, দই এবং ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে পারেন।
শরীরের ছোট ছোট পরিবর্তনকে অবহেলা করবেন না। দীর্ঘদিন ক্লান্তি, হাড়ে ব্যথা বা বারবার অসুস্থ হওয়ার মতো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করান। সময়মতো ভিটামিন ডি-র ঘাটতি ধরা পড়লে সহজেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব।















