আমরা প্রায়ই হাই তুলি, দীর্ঘশ্বাস ফেলি বা হঠাৎ গভীর শ্বাস নিই। এগুলোকে অনেক সময় ক্লান্তি বা অলসতার লক্ষণ বলে ভাবি। কিন্তু চিকিৎসকদের মতে, এই সাধারণ অভ্যাসগুলোর পিছনে শরীরের গুরুত্বপূর্ণ কাজ লুকিয়ে থাকে, বিশেষ করে ফুসফুস ভাল রাখার জন্য।
প্রথমে হাই তোলার কথা বলা যাক। হাই তোলার সময় আমরা সাধারণের তুলনায় অনেক বেশি গভীরভাবে শ্বাস নিই। এতে ফুসফুসে বেশি অক্সিজেন ঢোকে এবং শরীরের ভেতরের গ্যাসের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। তাই শুধু ঘুম পেলেই হাই ওঠে না, অনেক সময় শরীর নিজে থেকেই ফুসফুসকে 'রিফ্রেশ' করতে হাই তোলে।
এবার আসা যাক দীর্ঘশ্বাস বা 'সাই'-এর কথায়। অনেকেই ভাবেন দীর্ঘশ্বাস মানে শুধু মন খারাপ বা মানসিক চাপ। কিন্তু আসলে এর শারীরিক গুরুত্বও রয়েছে। আমাদের ফুসফুসের ভেতরে ছোট ছোট বায়ুথলি থাকে, যেগুলোকে অ্যালভিওলাই বলা হয়। মাঝে মাঝে এই বায়ুথলিগুলো একটু চুপসে যেতে পারে। তখন দীর্ঘশ্বাস নেওয়ার মাধ্যমে সেগুলো আবার খুলে যায় এবং ফুসফুস ভালভাবে কাজ করতে পারে।
গভীর শ্বাস নেওয়াও একইভাবে গুরুত্বপূর্ণ। যখন আমরা গভীরভাবে শ্বাস নিই, তখন ফুসফুস পুরোটা প্রসারিত হয়। এতে বেশি অক্সিজেন শরীরে ঢোকে এবং শরীরের কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে। অনেক সময় শরীর নিজে থেকেই গভীর শ্বাস নিতে বাধ্য করে, যাতে অক্সিজেনের ঘাটতি না হয়।
তবে যদি আপনি খুব ঘনঘন গভীর শ্বাস নিতে চান বা মনে হয় ঠিকমতো শ্বাস নিতে পারছেন না, তাহলে সেটা সতর্কবার্তা হতে পারে। এর কারণ হতে পারে ফুসফুসে সমস্যা, অ্যালার্জি, দূষণ, দীর্ঘ সময় বসে থাকা বা মানসিক চাপ। বিশেষ করে শহরের দূষিত পরিবেশে থাকলে ফুসফুসের উপর চাপ বাড়ে, ফলে শরীর বারবার গভীর শ্বাস নিতে চায়।
আরেকটি বড় কারণ হল স্ট্রেস বা উদ্বেগ। মানসিক চাপ থাকলে আমাদের শ্বাস-প্রশ্বাসের ধরন বদলে যায়। তখন আমরা অজান্তেই বারবার দীর্ঘশ্বাস ফেলি বা গভীর শ্বাস নিই।
সবমিলিয়ে, হাই তোলা, দীর্ঘশ্বাস ফেলা বা গভীর শ্বাস নেওয়া—এসব পুরোপুরি স্বাভাবিক এবং অনেক সময় শরীরের জন্য উপকারী। কিন্তু যদি এটি খুব বেশি হয় বা শ্বাসকষ্ট, বুক ভারী লাগা বা ক্লান্তি থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সহজভাবে বললে, এই ছোট ছোট অভ্যাসগুলো আসলে শরীরের ভাষা। তাই এগুলোকে অবহেলা না করে বোঝার চেষ্টা করাই শ্রেয়।















