প্রতি মাসে ৪ থেকে ৭ দিন চলা ঋতুস্রাবের কারণে দৈনন্দিন কাজে অনেক সময়ই অসুবিধায় পড়েন মহিলারা। বিরক্তও হন কেউ কেউ। এবার সেই সমস্যা থেকে সাময়িক মুক্তি দেওয়া যায় কিনা মহিলাদের সেই চেষ্টা করছেন বৈজ্ঞানিকরা!
চিনের বায়োলজিস্ট হংমেই ওয়াং বর্তমানে গবেষণা করছেন মহিলাদের স্বাস্থ্য, মূলত ঋতুস্রাব নিয়ে। তিনি চেষ্টা করছেন, যাতে প্রতি মাসের বদলে তিন মাস অন্তর অন্তর পিরিয়ডস হয় সেটার। এতে নাকি আখেরে মহিলাদের লাভ হবে। কীভাবে?
প্রতি মাসের বদলে তিন মাস অন্তর অন্তর পিরিয়ডস হলে জরায়ুর বয়স বাড়ার গতি কমবে। একই সঙ্গে আরও মহিলারা বেশি সময় ফার্টাইল থাকবেন। অর্থাৎ, সন্তানের জন্ম দিতে পারবেন।
কেন তিনি হঠাৎ এমন ভাবনা ভাবছেন বা চেষ্টা করছেন? তাঁর এই থিওরির ভিত্তি হল এই আইডিয়া যেখানে বলা হয় বারবার ওভিউলেশন হলে জরায়ুর বয়স দ্রুত গতি বাড়ে। গবেষকরা তাই এখন অনুমান করছেন, কয়েকটি সাইকেল যদি বন্ধ করা যায়, বা পিছিয়ে দেওয়া হয় তাহলে বেশিদিন ফার্টিলিটি ধরে রাখা যাবে। যদিও এখনও গোটা বিষয়টাই গবেষণার পর্যায় রয়েছে। একই সঙ্গে বিতর্কিতও বটে।
চিনের এই বায়োলজিস্টের গবেষণার কথা প্রকাশ্যে আসতেই অনেকেই তাঁর উদ্দেশ্যে বলেছেন পিরিয়ডস পিছানো বা বন্ধ করার বদলে পিসিওএস, এন্ডোমেট্রিওসিস বা এই ধরনের রোগের সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায়, কী করে মহিলাদের এই রোগের হাত থেকে নিষ্কৃতি দেওয়া যায় সেটা যেন চেষ্টা করেন। অনেকে আবার জানিয়েছেন, যদি এটা বাস্তবে হয়, তবে সত্যিই সুবিধা হবে। মহিলাদের উপকার হবে।















