আজকের দিনে সাপ্লিমেন্ট নেওয়া খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। তবে বেশিরভাগ মানুষই জানেন না যে সাপ্লিমেন্টের কার্যকারিতা শুধু কী খাচ্ছেন তার উপর নয়, বরং কখন খাচ্ছেন তার উপরও অনেকটাই নির্ভর করে। ফিটনেস ও নিউট্রিশন কোচ কুশ মালহোত্রা তাঁর একটি ইনস্টাগ্রাম ভিডিওয় খুব সহজ ভাষায় এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, শরীরের প্রয়োজন ও সঠিক সময় অনুযায়ী সাপ্লিমেন্ট নিলে তার উপকার অনেক গুণ বেড়ে যায় এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও কমে।

কুশ জানান, আমাদের শরীর একটি নির্দিষ্ট প্রাকৃতিক ছন্দ বা রিদমে কাজ করে। হজমশক্তি, হরমোন নিঃসরণ এবং এনার্জি লেভেল দিনের বিভিন্ন সময়ে আলাদা আলাদা থাকে। তাই এই প্রাকৃতিক রিদমের সঙ্গে তাল মিলিয়ে সাপ্লিমেন্ট নিলে শরীর সেগুলি আরও ভালভাবে শোষণ করতে পারে। অনেক সময় মানুষ ঠিক সাপ্লিমেন্ট নিলেও ভুল সময়ে নেওয়ার কারণে কাঙ্ক্ষিত ফল পান না।

ভিটামিন ডি ও ওমেগা-৩ নিয়ে কুশ বিশেষ পরামর্শ দিয়েছেন। এই দু’টি ফ্যাট-সলিউবল সাপ্লিমেন্ট, অর্থাৎ চর্বিযুক্ত খাবারের সঙ্গে নিলে শরীর এগুলি ভালভাবে গ্রহণ করতে পারে। তাঁর মতে, ভিটামিন ডি সকালে জলখাবার সঙ্গে বা দুপুরের খাবারের সঙ্গে নেওয়াই সবচেয়ে উপযুক্ত, বিশেষ করে যদি সেই খাবারে ঘি, বাদাম, বীজ বা দইয়ের মতো স্বাস্থ্যকর ফ্যাট থাকে। তিনি সতর্ক করে বলেন, রাতে ভিটামিন ডি নেওয়া এড়িয়ে চলাই ভাল, কারণ কিছু গবেষণায় দেখা গিয়েছে এটি মেলাটোনিন হরমোনকে প্রভাবিত করতে পারে, যার ফলে ঘুমের সমস্যা হতে পারে। একইভাবে, ওমেগা-৩ দিনের বেলায় নিলে পেটের জন্য বেশি আরামদায়ক হয় এবং হজমও ভাল থাকে।

ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে সন্ধ্যা বা রাতের সময় নেওয়াই বেশি উপকারী বলে মনে করা হয়। কুশের মতে, ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে। এটি রাতের খাবারের সঙ্গে বা ঘুমোতে যাওয়ার একটু আগে নেওয়া যেতে পারে। এতে শরীর আরাম পায়, পেশির রিকভারি ভাল হয় এবং ঘুমের মানও উন্নত হয়। যাঁরা মানসিক চাপ, ক্লান্তি বা অনিদ্রার সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য ম্যাগনেশিয়াম একটি সহায়ক সাপ্লিমেন্ট হতে পারে।

আয়রন ও মাল্টিভিটামিনের ক্ষেত্রেও সঠিক সময় খুব গুরুত্বপূর্ণ। সাধারণত আয়রন খালি পেটে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া হয়, যাতে তার শোষণ ভাল হয়। অন্যদি কে, মাল্টিভিটামিন দিনের বেলায় খাবারের সঙ্গে নেওয়াই ভাল, এতে গ্যাস্ট্রিক, জ্বালা বা ভারী লাগার মতো সমস্যা কম হয়।
তবে কুশ এটাও স্পষ্ট করে বলেন যে সাপ্লিমেন্ট কোনও ম্যাজিক পিল নয়। জীবনযাপন যদি  ঠিক না হয়, পর্যাপ্ত ঘুম না হয়, খাবার সুষম না হয় এবং শরীরচর্চা না থাকে, তাহলে শুধু সাপ্লিমেন্ট খেয়ে কোনও অলৌকিক ফল আশা করা যায় না। ভাল স্বাস্থ্যের আসল ভিত্তি হল সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম। সাপ্লিমেন্ট কেবল সেই ভিত্তিকে আরও মজবুত করে।