আজকাল ওয়েব ডেস্ক: বাঙালি বরাবরই চা প্রেমী! রোজ সকালে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক যেন সারা দিনের এনার্জি জোগায়। তবে শুধুই তো সকালে নয়, অফিসে কিংবা পাড়ার মোড়ে, নানা ছুঁতোয় দিনভর চলতে থাকে চা পান। আর যাঁরা রাত জেগে কাজ করেন, তাঁদের তো কথাই নেই। ঘুম তাড়াতে কাপের পর কাপ চা না হলে মন বসে না কাজে। কিন্তু জানেন কি সন্ধে ৭টার পর চা খেলে শরীরের ক্ষতি হয়। তাহলে চা পানের এই অভ্যাসে শরীরের কী কী সমস্যা হতে পারে? জেনে নেওয়া যাক-

রাতে চা খাওয়ার ফলে সবচয়ে বেশি যে সমস্যায় ভুগতে পারেন তা হল অনিদ্রা। চায়ে রয়েছে ক্যাফেইন যা ঘুমের ব্যাঘাত ঘটায়। সেই কারণেই অনেকে রাতে কাজের সময়ে ঘুম কাটাতে চা খান। 

যারা রাতে চা খান, বিশেষ করে দুধ চা খাওয়ার অভ্যাস থাকলে গ্যাস, অম্বলের মতো বদহজমের সমস্যায় ভুগতে পারেন। দুধ চা অন্ত্রে অ্যাসিডের উৎপাদন বাড়ায়। রাত জেগে অতিরিক্ত চা খাওয়ার কারণে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে।

হৃদস্পন্দন বেড়ে যেতে পারে রাতে চা খাওয়ার অভ্যাস থাকলে। ফলে শরীরে অস্থিরতা অনুভব হয়। শুধু তাই নয়, প্রস্রাবের সমস্যা, ডিহাইড্রেশনও হতে পারে রাতের দিকে চা খেলে। বেশি পরিমাণ চা খেলে ৪০০-৫০০ মিলিগ্রামেরও বেশি ক্যাফিন শরীরে ঢোকে, যার ফলে মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও চায়ে থিওফাইলিন নামে এক ধরনের যৌগ থাকে। এটি বেশি মাত্রায় শরীরে ঢুকলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি করে।