ভাগ্য গণনার নামে এক ব্যক্তিকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নিজেকে “তোতা জ্যোতিষী” পরিচয় দিয়ে এক ইনকাম ট্যাক্স অফিসারের থেকে প্রায় ২০ লক্ষ টাকার সোনা রুপো হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ৷ 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রথমে ওই অফিসারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। পরে আবার যোগাযোগ করে বলে, তার কর্মজীবন উন্নতি, অফিসে বদলি ও জীবনের উন্নতির জন্য বিশেষ পুজো করা প্রয়োজন। 

 এই পুজো না করলে খারাপ কিছু ঘটতে পারে, এমন ভয় দেখানোর অভিযোগও উঠেছে৷  এই সুযোগে জ্যোতিষী পরিচয় দেওয়া লোকটি অফিসারের কাছ থেকে প্রায় ১৯৪ গ্রাম সোনা ও ১.৩ কেজি রুপোর সামগ্রী নেয়, যা পরে ফেরত দেওয়ার কথা ছিল।

কিন্তু পরে ওই ব্যক্তি যখন নিজের জিনিস ফেরত চান, তখন অভিযুক্ত তাকে হুমকি দেয়। এরপর অফিসার পুলিশে প্রতারণার অভিযোগ দায়ের করেন৷ বেঙ্গালুরুর ভারতী নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ 

ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এর একাধিক ধারায় ৩১৬ (২), ৩১৮(৪) ৩৫১ (২) এবং ৩৫২ ধারায় মামলা করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে ক্যান্টনমেন্ট রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। 

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সহজে টাকা রোজগারের জন্য এই প্রতারণা করেছে বলে স্বীকার করেন। এরপর পুলিশ হালাসুরু এলাকার একটি গয়নার দোকান থেকে ১২৪ গ্রাম সোনা ও ৭৯৬ গ্রাম রূপা উদ্ধার করে, যার মোট মূল্য প্রায় ২০.৬০ লক্ষ টাকা। �

বর্তমানে অভিযুক্তকে আদালতে পেশ করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্ত তামিলনাড়ুর এক গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ৷