আজকাল ওয়েবডেস্ক: সকালে ঘুম থেকে উঠে অনেকেরই খালি পেটে গরম জল খাওয়ার অভ্যাস। আর সেই গরম জলের সঙ্গে ঘি মিশিয়ে খেলেই পাবেন বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান। সাম্প্রতিককালে সমাজ মাধ্যমে জনপ্রিয় হয়েছে আয়ুর্বেদের এই টোটকা। যার পোশাকি নাম 'ঘি ওয়াটার'। নিয়মিত ঘি মেশানো গরম জল খেলে কী কী উপকার পাবেন, জেনে নিন-
* রোজ সকালে হালকা গরম জলে সামান্য ঘি মিশিয়ে খেতে পারলে হজমশক্তি ভাল থাকে। ঘি নানা রকম পেটের সমস্যার সমাধানে কার্যকরী। ঘি খেলে গ্যাস, বদহজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমতে পারে। শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ দূর করতে কার্যকরী এই পানীয়।
* হালকা গরম জলে অল্প একটু ঘি মিশিয়ে খেতে পারলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর ইমিউনিটি বাড়লে দ্রুত ভাইরাল সংক্রমণ, ফ্লু, অন্যান্য রোগ প্রতিরোধ করতে পারবেন।
* ঘি মেশানো গরম জল ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কারণ ঘি আমাদের শরীরে মেটাবলিজম রেট বাড়ায়। সহজে ওজন নিয়ন্ত্রণে থাকে। এই পানীয় খিদের প্রবণতাকে নিয়ন্ত্রণ করে। ফলে শরীরে ফ্যাট জমতে পারে না।
* ঘি-এর অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান জয়েন্ট ফুলে যাওয়া, জয়েন্টে ব্যথা কমাতে সাহায্য করে। হাড়ের গঠন মজবুত করে ঘি মেশানো গরম জল। এটি নিয়মিত খেলে আর্থারাইটিস এবং অন্যান্ট গাঁটের ব্যথা সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
* ঘি-তে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। যা শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে। মহিলাদের ঋতুস্রাব এবং হরমোনের ভারসাম্যজনিত সমস্যা কমাতে এই পানীয় কার্যকরী।
* ঘি-তে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন। যা চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। ঘি মেশানো গরম জল খেলে ত্বক অনেক বেশি উজ্জ্বল, পরিচ্ছন্ন এবং আর্দ্র থাকে। একইসঙ্গে চুলের স্বাস্থ্যের উন্নতি হয়। চুল পড়ার সমস্যা কমে।
তবে পরিমিত ঘি খাওয়াই শ্রেয়। অতিরিক্ত ঘি খেলে ওজন বেড়ে যেতে পারে। এছাড়া যাদের দুগ্ধজাত খাবারে অ্যালার্জি রয়েছে কিংবা যকৃতের সমস্যা রয়েছে, তাদের ঘি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
