আজকাল ওয়েব ডেস্ক: জল শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর সুস্থ ও নীরোগ রাখতে জলের বিকল্প নেই। তাই কম জল খেলে শরীরের ক্ষতি। আবার উল্টোটাও সত্যি। অর্থাৎ অতিরিক্ত জল পান করলেও শরীরের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, একজন প্রাপ্ত বয়স্কের দিনে ৮ থেকে ১২ গ্লাস জল পান করা প্রয়োজন। গরমের দিনে তা বেড়ে যেতে পারে পরিমাণে। তবে অতিরিক্ত পান করলে কিন্তু শরীরের বিপদ বাড়তে পারে। সেক্ষেত্রে কোন কোন রোগের আশঙ্কা বেড়ে যায়, দেখে নেওয়া যাক।
ক্রমাগত জল খেতে থাকলে শরীরে ভিটামিন, মিনারেলস, ইলেকট্রোলাইটস এইসব গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি হতে পারে। আর শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি উপকরণের ঘাটতি হলে মাথা ঘোরানো, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেবে।
জল খেলে শুধু শরীর হাইড্রেটেড থাকবে এমনটা নয়। উল্টে অতিরিক্ত জল খেলে শরীরে ঘাটতি হতে পারে ইলেকট্রোলাইটসের। আসলে অতিরিক্ত কোনও কিছুই স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। তাই অতিরিক্ত জল খাওয়ার জন্য ইলেকট্রোলাইটসের ঘাটতি হলে মারাত্মক দুর্বল হয়ে পড়তে পারেন। সারাক্ষণ মাথা ঝিম ধরে থাকবে। এমনকী কমে যেতে পারে শরীরের মেটাবলিজম রেট এবং এনার্জির মাত্রাও।
ডায়াবেটিস, হার্ট সংক্রান্ত সমস্যা, খাওয়া-দাওয়ায় অনীহা- এইসব সমস্যাও তৈরি করতে পারে অতিরিক্ত জল খাওয়ার অভ্যাস। গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘসময় ধরে অতিরিক্ত পরিমাণে জল খাওয়ার অভ্যাসে বিকল হতে পারে কিডনি। ফলে শরীর থেকে দূষিত পদার্থ সঠিক ভাবে বেরোবে না। ওজন কমানোর জন্য সঠিক খাবার না খেয়ে শুধু জল পান করাও ঠিক নয়।
