আজকাল ওয়েবডেস্ক: আন্দোলন চালিয়ে যেতে অনড় জুনিয়র ডাক্তাররা। সোমবার সুপ্রিম কোর্ট তাঁদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিলেও তাঁরা জানিয়েছেন ওইদিন দুপুরে তাঁরা স্বাস্থ্য ভবন অভিযান করবেন।
তাঁদের এই দাবি প্রসঙ্গে চিকিৎসকদের সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টার–এর রাজ্য সম্পাদক ডা: বিপ্লব চন্দ্র জানিয়েছেন, ‘আপাতত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে মঙ্গলবার দুপুর ১টা নাগাদ সল্টলেকের করুণাময়ী মোড় থেকে তাঁরা স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করবেন। তাঁদের দাবি, স্বাস্থ্য সচিব–সহ তাঁর সহকর্তাদের অপসারণ। সেইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণও তাঁরা দাবি করেছেন। আমরা তাঁদের এই দাবি সমর্থন করছি।’
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পরেই রাজ্য জুড়ে ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা। অনেক সিনিয়র চিকিৎসকও তাঁদের সঙ্গে যোগ দেন। শুরু হয় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে তাঁরা লালবাজার অভিযানও করেন।
লাগাতার এই কর্মসূচির জন্য সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অনেকেই সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। অভিযোগ ওঠে, চিকিৎসা না পেয়ে মৃত্যুও ঘটেছে অনেকের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার তাঁদের কাজে ফেরার অনুরোধ জানান। সোমবার আরজি কর মামলার শুনানি চলার সময় সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন। কিন্তু তার মধ্যেই তাঁরা পাল্টা কর্মসূচির কথা ঘোষণা করেন।
