আজকাল ওয়েবডেস্ক: চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন, আদালতে খারিজ হয়ে গিয়েছে তা। তবে কেবল চোখেই শান্তি নয়, গলার স্বর নিয়েও আদালতের দরজায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি।
উস্কানিমূলক মন্তব্য মামলায় অভিষেক ব্যানার্জির ভয়েস টেস্ট হবে ৩০ জুন, দিন কয়েক আগেই সমানে আসে এই তথ্য। জানা যায়, এই ভয়েস টেস্ট হবে বিধাননগর আদালতে। কোর্ট নির্দেশ দিয়েছে, ঐ দিন বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেককে। এমনকী, সেখানে উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও। রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সেই অনুমতি পেয়ে পাওয়ার পর, বুধবার অভিষেকের বাড়িতে সিআইডি টিম পৌঁছেও যায়।
ঠিক তার পরের দিনেই, গলার স্বর নিয়ে আদালতের দরজায় অভিষেক। সূত্রের খবর, গলার স্বর সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দরজায় গিয়েছেন অভিষেক। তাঁর দাবি, তিনি অস্বীকার করেননি, ডিজে মামলায় ওই গলার স্বর তাঁর নয়। তাহলে কেন কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করার প্রয়োজন? সূত্রের খবর, ওই মামলার শুনানি হতে পারে ২৯ জুন।
উল্লেখ্য, ডিজে মামলায় ইতিমধ্যেই সিআইডি সদর দপ্তরে গিয়ে প্রায় দিনভর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে এই তৃণমূল সাংসদকে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারর সময়, অভিষেক ডিজে বাজানো নিয়ে একটি মন্তব্য করেন। সেই সময়, তিনি ভোটগণনার পর রাজ্যে ঠিক কী পরিস্থিতি তৈরি হবে এবং তৃণমূল জিতলে কীভাবে বিজয়োৎসব করা হবে, সেইরকম একটি ইঙ্গিত দিয়ে মন্তব্যটি করেন।
অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অপরাধের ধারায় অভিযোগটি দায়ের করা হয়েছিল। ঐ একই মামলায় অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে গিয়েও আবার নোটিস দয়ে আসে সিআইডি। এই মামলায়, তাঁর এক বোনের বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা।















