আজকাল ওয়েবডেস্ক:‌ আদালতের নির্দেশে চার দিনের জেল হেফাজত হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রবিবার থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। আর সেখানে বাড়ির খাবার নয়, জেলের খাবারই খেতে হবে জ্যোতিপ্রিয়কে। তবে ডায়েট মেনে খাবার দেওয়া হবে জ্যোতিপ্রিয়কে। এমনটাই জানিয়েছে জেল কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা বাইশ সেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, বিছানা নেই। পাননি গদিও। পেয়েছেন কেবলমাত্র কম্বল। তাতেই রবিবার সারারাত শুয়েছিলেন। তবে চোখের পাতা এক করতে পারেননি। কেবল এপাশ ওপাশ করেই রাত কেটেছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর।  প্রসঙ্গত ডায়াবিটিস সহ একাধিক শারীরিক সমস্যা রয়েছে জ্যোতিপ্রিয়র। তাই গ্রেপ্তার হওয়ার পর এতদিন বাড়ির খাবার খেয়েছেন তিনি। কিন্তু এখন আর তা চলবে না। সোমবার জেল কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছে, বিশেষ ডায়েট চার্ট মেনে মন্ত্রীকে খাবার তাঁরা দিতে পারবেন। তাই এবার জেলের খাবার খাবেন জ্যোতিপ্রিয়।