আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর আকাশপথে দ্রুত তৈরি হচ্ছে এক নতুন বিশ্বের কাঠামো, যা ভবিষ্যতে ডেটা, যোগাযোগ এবং শক্তির নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে লো আর্থ অরবিট পৃথিবী থেকে প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মহাকাশের একটি স্তর, যা এখন আর শুধুমাত্র গবেষণার ক্ষেত্র নয়, বরং হয়ে উঠছে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি।
বিশেষজ্ঞদের মতে, যেমন পৃথিবীতে বন্দর, সাবমেরিন কেবল বা বিদ্যুৎ গ্রিড কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত হয়, তেমনি ভবিষ্যতে মহাকাশে কক্ষপথে প্রবেশাধিকারও একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠছে। এই পরিবর্তনের প্রতিফলন ইতিমধ্যেই বিনিয়োগে দেখা যাচ্ছে। ২০২৫ সালে এই খাতে বিনিয়োগ ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
স্যাটেলাইটের জনপ্রিয়তার প্রধান কারণ হল এর প্রযুক্তিগত সুবিধা। পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে এই স্যাটেলাইটগুলি দ্রুত ডেটা ট্রান্সমিশন, কম ল্যাটেন্সি এবং তুলনামূলক কম খরচে উৎক্ষেপণের সুবিধা দেয়। জিওস্টেশনারি অরবিটের স্যাটেলাইটের মতো স্থির না থেকে, স্যাটেলাইটগুলি একাধিক উপগ্রহের সমন্বয়ে কাজ করে, যার ফলে পৃথিবীর প্রায় সর্বত্র নিরবচ্ছিন্ন সংযোগ সম্ভব হয়।
এই খাতে সবচেয়ে এগিয়ে রয়েছে বেসরকারি সংস্থা স্পেস এক্স, যার স্টারলিঙ্ক প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৯,৫০০-র বেশি স্যাটেলাইট মহাকাশে রয়েছে। ভবিষ্যতে আরও হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে তাদের। এমনকি মহাকাশে বিশাল ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাও করছে সংস্থাটি, যেখানে লক্ষাধিক স্যাটেলাইট যুক্ত থাকতে পারে।
অন্যদিকে এই প্রকল্পে ৩,০০০-র বেশি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, পাশাপাশি অতিরিক্ত ৪,৫০০ স্যাটেলাইটের অনুমোদনও পেয়েছে। গত ২০০৯ সাল থেকে মহাকাশ অর্থনীতিতে ৪০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হয়েছে, যার অর্ধেকেরও বেশি এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বিশ্লেষকদের মতে, এটি একটি দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তনের সূচনা মাত্র।
তবে এই দ্রুত সম্প্রসারণ নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। বর্তমানে আন্তর্জাতিক নিয়মকানুন জাতিসংঘের মহাকাশ আবর্জনা সংক্রান্ত নির্দেশিকা, মূলত ধীরগতির রাষ্ট্রনির্ভর প্রকল্পের জন্য তৈরি হয়েছিল। কিন্তু এখন বেসরকারি সংস্থার সক্রিয় অংশগ্রহণের ফলে পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান আইনি কাঠামো এই দ্রুত পরিবর্তিত ও ঝুঁকিপূর্ণ পরিবেশ সামলাতে যথেষ্ট নয়। তাই ভবিষ্যতে একে কেন্দ্র করে নতুন নিয়ম ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা জরুরি হয়ে উঠছে। সব মিলিয়ে, পৃথিবীর উপরের এই নতুন ‘ডিজিটাল স্তর’ আগামী দিনের প্রযুক্তি, অর্থনীতি ও রাজনীতির দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
