তমালিকা বসু

 

নিউ জার্সির বৈচিত্র্যময় এবং সৃজনশীল শিল্প সংস্কৃতিকে উদযাপন করতে আয়োজিত গার্ডেন স্টেট আর্ট উইকএন্ডের দ্বিতীয় সংস্করণে নজর কাড়ল সাউথ এশিয়ান আর্টিস্টস অ্যাসোসিয়েশন অফ আমেরিকা। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সংগঠনের ২১ জন সদস্য, যাঁরা দক্ষিণ এশিয়ার ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে তাঁদের শিল্পকর্ম উপস্থাপন করেন। অভিনব এই উদ্যোগে অংশ নিয়েছিল লন্ডন দুর্গোৎসবও।

এই প্রদর্শনীতে ছিল চিত্রকলা, ফটোগ্রাফি, ডিজিটাল আর্ট, সিরামিক, ভাস্কর্য, অঙ্কন ও বিভিন্ন মাধ্যমে তৈরি নানা ধরনের শিল্পকর্ম। এই অনুষ্ঠানের ভাবনা ছিল ‘বসন্ত’। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, অনামিকা জৈন, অনামিকা সিনহা, অঞ্জলি ওয়াধওয়া, অপরাজিতা লাল, ভাবনা সেগাল, মহমূথা মুজিব আহমেদ, মিনাক্ষী চৌধুরী, মৌসুমী ব্যানার্জি, নিকি সিংহার, নূপুর নিশীথ, পার্বতী কুমার, প্রভা ঝা, প্রাচী জৈন, প্রীতি সিং, প্রিয়া পাঠক, রঞ্জনা সায়াল, সীমা চন্দনে, শৈলী ঝা, স্বাগতা চৌধুরী, তুলিকা ব্যানার্জি এবং বিজিতা রেড্ডি। 

জানা গিয়েছে, এই শিল্পীরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন। কেউ কেউ উত্তর আমেরিকায় জন্মগ্রহণ করেছেন, কেউ এসেছেন দক্ষিণ এশিয়া থেকে, আবার কেউ ভিন্ন দেশ ঘুরে মার্কিন মুলুকে এসে থিতু হয়েছেন। ফলে তাঁদের শিল্পে প্রতিফলিত হয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতির সুর ও অনুভব।

২০১৬ সালে নিউ জার্সিতে একদল শিল্পীর উদ্যোগে গঠিত সাউথ এশিয়ান আর্টিস্টস অ্যাসোসিয়েশন অফ আমেরিকায় বর্তমানে ১২৫-এর বেশি সদস্য রয়েছে। দক্ষিণ এশিয়ার শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার কাজ করছে এই সংস্থা। এই সংগঠনের সদস্যদের মতে, শিল্প কোনও সীমানা বা ভাষা মানে না। পৃথিবীর বিভিন্ন অংশের মানুষ একসঙ্গে মিলে বিশ্বকে আরও সৌন্দর্যময় ও সহনশীল করে তুলতে একমাত্র রাস্তা শিল্পই।