আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করেছিলেন। দুই দেশ রাজি হয়েছে যুদ্ধ বিরতিতে। কিন্তু ফলাফল? কয়েকঘণ্টায় এক দেশ অন্য দেশের উপর হামলা চালায়। অপর দেশও জানিয়ে দেয়, চুপ করে বসে থাকবে না তারা। প্রবল প্রত্যাঘাতের কথা মঙ্গলবার দুপুরে জানিয়েছিল ইজরায়েল। 

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট কী বলেন, সেদিকে নজর ছিল সব পক্ষের। দেখা গেল, আগে একপ্রস্ত ইরানকে ধমক দেওয়ার পর, এবার ট্রাম্পের নিশানায় ইজরায়েল। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প পোস্ট করে ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। পোস্টে ইজরায়েলকে ইরানের উপর বোমা ফেলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। নির্দেশ দিয়েছেন, পাইলটদের দ্রুত ইজরায়েলে ফিরিয়ে আনার। ইজরায়েল বোমা ফেললে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হবে বলেও মনে করিয়েছেন তিনি। 

 

উল্লেখ্য, দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। মঙ্গলবার ভারতীয় সময় একটা পাঁচ নাগাদ ইজরায়েল ডিফেন্স ফোর্স জানায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নর্দান ইজরায়েলে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজানো হচ্ছে সাইরেন। ঠিক তার কিছুক্ষণ পরে পুনরায় আইডিএফ জানায়, জেনারেল স্টাফ প্রধান, লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির পরিস্থিতি মূল্যায়নে জানিয়েছেন, ইরানি শাসকগোষ্ঠী কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে, ইজরায়েল শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেব। অর্থাৎ প্রবল প্রত্যাঘাত করবে নেতানিয়াহু সরকার। তারপরেই বার্তা এল ট্রাম্পের।