আজকাল ওয়েবডেস্ক : মাহসা কাণ্ডের যেন পুনরাবৃত্তি ঘটল ইরানে! ‘ঠিকমতো’ হিজাব না পরায় পুলিশি মারে প্রাণ হারাল এক কিশোরী। আরমিতা জেরাভান্দ নামের ওই কিশোরী ২৮ দিন কোমায় ছিলেন। অবশেষে শনিবার মৃত্যু হয় তার। সূত্রের খবর, হিজাব না পরায় আক্রমণের মুখে পড়তে হয়েছিল আরমিতা জেরাভান্দ নামের ১৬ বছরের ওই তরুণীকে। গত ৩ অক্টোবর তেহরান মেট্রোয় ওই কিশোরীকে প্রবল মারধর করে সরকারি বাহিনীর লোকজন। জানা যায়  ঘটনাটি চেপে যাওয়ার জন্য তার পরিবারের উপর চাপ তৈরি করে প্রশাসন। অবশেষে হাসপাতালে মৃত্যু হল সেই কিশোরীর। প্রসঙ্গত, ২০২২-এর ১৬ সেপ্টেম্বর ইরানে নীতি পুলিশের মারে মৃত্যু হয় ২২ বছরের কুর্দ তরুণী মাহসা আমিনির। হিজাব না পরায় তাঁকে আটক করেছিল পুলিশ। হেফাজতে থাকাকালীনই নীতি পুলিশের মারে মৃত্যু হয় মাহসার। মাহসা আমিনির মৃত্যুতে কেঁদেছিল গোটা দুনিয়া। চোখের জল ফেলেছে ইরানও।  তবে এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিল কুমিরের চোখের জল যে শুধুই সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য তার থেকে বেশি কিছু নয়। রাষ্ট্রের সহায়তায় পুলিশি তাণ্ডবের এমন নজির ফের দেখা গেল ইরানে।কবে বন্ধ হবে এই ধরনের অত্যাচার ? প্রশ্ন সবমহলেই।