আজকাল ওয়েবডেস্ক: এবার পরিবেশ রক্ষার দায়িত্ব নিল এআই। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো প্রদেশের সেন্টারভিল শহরে শুরু হয়েছে এআই চালিত আবর্জনা সংগ্রহ প্রক্রিয়া। সেখানে বর্জ্য বিশ্লেষণ করে জানা যাচ্ছে, বাসিন্দারা ঠিকমতো রিসাইক্লিং করছেন কিনা। যদি না করে থাকেন, তবে ভুলবশত রিসাইক্লিং বিনে ফেলে দেওয়া জিনিসগুলির একটি তালিকা সহ পোস্টকার্ড পাঠানো হচ্ছে তাদের ঠিকানায়। এরই মধ্যে সেন্টারভিলের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সম্প্রতি এই বিশেষ এআই ট্রাক চালু করেছে।

এই ট্রাকের মূল লক্ষ্য হল রিসাইক্লিং ব্যবস্থাকে আরও কার্যকর ও সচেতন করে তোলা। বাসিন্দারা ঠিক জায়গায় জঞ্জাল ফেলছেন কিনা সেদিকে নজর রাখছে এই ট্রাক। পাশাপাশি, এই প্রযুক্তি বর্জ্য বিশ্লেষণ করে শনাক্ত করছে এমন সব বস্তু যা রিসাইক্লিং বিনে ফেলার কথা নয়। খাবারের উচ্ছিষ্ট, ব্যাটারি, প্লাস্টিক ব্যাগ, স্টাইরোফোম কিংবা ব্যবহৃত টিস্যু পেপার থাকলে তা নিমেষেই চিহ্নিত করে ফেলছে এই প্রযুক্তি। সিটি ম্যানেজার ওয়েন ডেভিস জানিয়েছেন, ‘আমাদের রিসাইক্লিং ব্যবস্থায় দূষণ যদি কমানো যায় তাহলে প্রক্রিয়াজাতকরণ খরচ কমবে এবং সার্বিক দক্ষতাও বাড়বে।

এই প্রযুক্তি আমাদের নির্দিষ্ট সমস্যা শনাক্ত করতে ও নাগরিকদের শিক্ষিত করতে সাহায্য করবে’। পরিসংখ্যান বলছে, প্রতিবছর প্রায় ৮,০০০ টন আবর্জনা ও ১,৪০০ টন পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহ করে এই শহর। প্রায় ৬,৫০০ জন মানুষকে সেবা দেওয়া এই প্রোজেক্টের মোট খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪ লক্ষ টাকা(মার্কিন ডলার \$৭৪,৯৪৫)। জানা গিয়েছে, মূলত মন্টগোমেরি কাউন্টি সলিড ওয়েস্ট ডিস্ট্রিক্টের অনুদান থেকে আসছে এই বিপুল অঙ্কের টাকা। সেন্টারভিলের মুখপাত্র কেট বস্টডর্ফ জানান, ‘কয়েকটি ট্রাক ইতিমধ্যেই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে এবং সফটওয়্যার ট্রেনিংও চলছে’।

তবে সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন ব্যবহারকারী ব্যঙ্গ করে লেখেন, ‘এই প্রযুক্তিই যদি দরকার হয়, তবে সেটা যেন প্রথমে বিলিয়নিয়ারদের প্রাইভেট জেট বা ইয়টে ভ্রমণের জন্য কাজে লাগানো হয়’। আরও একজন মন্তব্য করেন, ‘বিশ্বের ৮০% দূষণ ঘটানো ১০০টি সংস্থাকে ‘এআই’ দিয়ে প্রতিদিন ধমকানো যায় না?’ কেউ কেউ অবশ্য সন্দেহ প্রকাশ করে বলেন, ‘আদৌ কি রিসাইক্লিং হচ্ছে, নাকি সবকিছুই শেষে ল্যান্ডফিলে চলে যাচ্ছে?’ তবে প্রশাসনের বক্তব্য স্পষ্ট। এই উদ্যোগ শুধু পরিবেশবান্ধব নয়, নাগরিকদের ভুল শুধরে দেওয়ার এক আধুনিক ও স্বচ্ছ উপায়।