আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনার সংখ্যা ছাড়িয়েছে ১৩,০০০-এর গণ্ডি। পরিসংখ্যান অনুযায়ী, প্রাণ হারিয়েছেন প্রায় ৭,৭০০ জন। রাজ্যের রোড সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস সেলের নতুন বিশ্লেষণ অনুযায়ী, দুপুর ও সন্ধ্যার সময় সবথেকে বেশি পথ দুর্ঘটনা ঘটেছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত উত্তর প্রদেশে মোট ৪৬,০৫২টি পথ দুর্ঘটনা ঘটেছিল। যার ফলে প্রাণ হারিয়েছিলেন ২৪,১১৮ জন।

আহত ব্যক্তিদের সংখ্যা ৩৪,৬৬৫। তুলনায়, ২০২৩ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ৪৪,৫৩৪, মৃত ২৩,৬৫২ এবং আহত ৩১,০৯৮। এক রিপোর্টে জানানো হয়েছে, মোট দুর্ঘটনার ৬০ শতাংশের বেশি ঘটেছে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে। তবে দুপুরে সবথেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। ৪,৩৫২টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২,২৩৮ জনের। তীব্র গরম, চালকের ক্লান্তি, অতিরিক্ত গতি এবং ট্রাফিক জ্যামকেই দুর্ঘটনার কারণ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ের মধ্যে ৩,২৫৪টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১,৯৪৫ জনের। এই সময়ে অফিস ফেরত যানজট ও দৃশ্যমানতা কমে যাওয়াকেই বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ২,৬২৯টি দুর্ঘটনায় ১,৪৪৭ জনের মৃত্যু হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৩টে পর্যন্ত ২,৫৮৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১,৬৯৯ জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ভোর ৩টে থেকে ৬টর মধ্যে, মাত্র ৫০৬টি। কিন্তু এই সময় মৃত্যু হয়েছে ৩৯২ জনের। বিশেষজ্ঞদের মতে, এই সময়ে ঘুমের অভাব ও চালকের ক্লান্তির কারণেই মৃত্যুর হার এতটা বেশি।