আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে শুধু শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি বাসই কিনবে তামিলনাড়ু সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ের ইচ্ছা অনুযায়ী জনগণের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী বিজয় তামিলান পার্থিবান। সালেমে ক্ষমতাসীন টিভিকে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময়ে পার্থিবান এই ঘোষণা করেন।

পার্থিবান বলেন, "মুখ্যমন্ত্রী বিজয় চান রাজ্যের মানুষ যেন ব্যাপকভাবে এবং স্বাচ্ছন্দ্যে এসি বাসে ভ্রমণ করতে পারেন। একইসঙ্গে তামিলনাড়ুর প্রত্যন্ত সব অঞ্চলকে বাস নেটওয়ার্কের আওতায় আনারও নির্দেশ দিয়েছেন তিনি।" পরিবহণ মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রতিটি বাসে এমন সুবিধা থাকতে হবে যাতে তিনি নিজে থেকে শুরু করে সব মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।

তামিলনাড়ুর পরিবহণ মন্ত্রী আরও বলেন, "সম্প্রতি মুখ্যমন্ত্রী বিজয় একটি সরকারি বাসে ভ্রমণ করেছিলেন। এরপর তিনি চান, নতুন যেসব বাস কেনা হবে, সেগুলোর সবকটিতেই শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা থাকুক।"

গত সপ্তাহে তামিলনাড়ু জুড়ে ৩০০টি নতুন বাসের বহর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিজয়। সেই সময়ে বিজয়কে এক বাসের কন্ডাক্টরের সঙ্গে কথা বলতে দেখা যায়। ১২৭ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে কেনা নতুন বহরে রয়েছে ১৬৪টি ডিজেল চালিত বাস এবং ১৩৬টি বিএস-৬ মানসম্মত সিএনজি চালিত বাস।